
ঠিক প্রেম নয় ,দুর্বলতাই ছিল তার খানিক আমায় ঘিরে,
সাজানো মেহফিল,বেলোয়ারি সাজ, লাল গোলাপ নাহ্, আড়ম্বর ছিল না কিছুই,
তবু ধরা পড়ে যেত সে, প্রতিটা বর্ণে, বাক্যে,
কবিতায়।
ব্যক্ত করেনি কখনো ,অথচ কি প্রকট তার আবেদন!
একদিন আবেদন রূপ নেয় অভিযোগে,
আর অভিযোগ জমে হয় পাহাড় সম অভিমান।
বুঝলাম, এ শুধুই তিন শব্দের ব্যবধান।
সে বোঝেনি…
ছেড়ে গেলে অভিমান কমে, মায়া বাড়ে,
রসায়নের সূত্র এসব বলেনা, জীবন বলে।
কিছু ভালোবাসা আড়ালেই বেড়ে চলে,
কেউ রাখেনি মনের হদিস ,মনকে আদৌ কেউ কি বোঝে?
ছুঁয়ে ছিলাম আমিই তোমায় অসময়ের বৃষ্টি সেজে।



