বিনোদন

অভিনয় শিল্পী রোমানা স্বর্ণা গ্রেপ্তার

অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইলের অভিযোগে রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় মডেল ও অভিনয় শিল্পী রোমানাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে স্বর্ণাকে লালমাটিয়া ডি ব্লকের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইলসহ প্রতারণার অভিযোগ রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন সৌদি প্রবাসী আজ মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে রোমানা। ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য কৌশলে এই টাকা নিয়েছিলেন তিনি। এরপরই মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এদিকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল জানান, ফেসবুকের মাধ্যমে ওই সৌদি প্রবাসীর সঙ্গে রোমানা ইসলাম স্বর্ণার পরিচয় হয়। এরপর বিভিন্ন সময় হোয়াটস অ্যাপ-ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে বিয়ে করে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা।

মোহাম্মদপুর থানার ওসি জানান, নায়িকা স্বর্ণা বিভিন্ন কৌশলে ওই প্রবাসীর কাছ থেকে ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রতারণা মামলায় আগামীকাল শুক্রবার (১২ মার্চ) স্বর্ণাকে আদালতে হাজির করা হবে।

মিডিয়া জগতে স্বর্ণার শুরুটা হয়েছিল নিপুণের বিলবোর্ডের মডেল হয়ে। টেলিভিশন পর্দায় প্রবেশ প্রাণ টোস্টের বিজ্ঞাপনের মডেল হয়ে। এরপর সালাউদ্দিন লাভলুর আলতা সুন্দুরী নাটকে মিস রানী চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

চলচ্চিত্রে স্বর্ণার অভিষেক হয়েছে অনেক আগেই। প্রায় ১০ বছর আগে অভিনয় করেছিলেন অনিকেত আনামের পরিচালিত আউট অব বক্স চলচ্চিত্রে। এরপর তন্ময় তানসেনের পদ্মপাতার জল চলচ্চিত্রে অভিনয় করেছেন বাইজির চরিত্রে। এরপর মুক্তি পায় তার অভিনীত রান আউট সিনেমা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension