
টিটো মোস্তাফিজ
পোকামাকড়েরা শুকনো পাতা চিবিয়ে খাচ্ছে
ওদের খোলা আকাশের কবরস্থানে –
তাজা সবুজ পাতার স্বাদ এখন বিলাসিতা
আর পরিষ্কার জল ফোঁটার কথা শোনা যায়
কেবল ওদের ঘুমপাড়ানি গানে কিংবা স্বপ্নে।
কবরের ওপারে দাঁড়িয়ে আছে মহামহিম কল্পলোক
স্বর্গের দূত আর তাদের শিকারী কুকুরদের বাসস্থান
প্রতিদিন কিংবা রাতে ঈশ্বর বর্জিত সেই ভূমিতে
তারা পালন করছে তাদের পবিত্র কর্তব্য –
সেখানে বসবাসকারীদের চিরকালীন পাপ
আর তাদের পরিপূর্ণ সামষ্টিক শাস্তি বিধানের জন্য।
ওরা কেন থাকবে এই প্রতিশ্রুত ফলবাগিচায়?
পুরো বন্দোবস্ত কেবলই বিলম্বিত হচ্ছে
কারণ ওরা রয়ে গেছে এই দূষণের ভাগাড়ে।
তবে এই বিলম্বের অবসরে ঘটে জীবনের নতুন মোড়
মথ, বাচ্চা আর ডিমগুলো ধ্বংস করার পর বারবারই
দুধ, মধু ও শ্যাম্পেনের স্বাদ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
অতীতের অভিশাপ এত মনে রাখার দরকার নেই।
এটা কোন ধূমকেতু নয় যে আশি বছর পরপর আসবে।



