
মোশাররফ হোসেন
সব গান শেষ হবে বাজবে না বাঁশি আর
জানি আমি, পৃথিবীর কক্ষপথে
দেখা হবে না আর, তোমার আমার।
নদী তীরে ধবল বক, সেও ফিরবে নীড়ে
সাঁঝের আবছা আঁধার ঘন হবে ধীরে।
যে পাখিটি সারাদিন খেলা করে
ধানের গোছে মুখ গুঁজে,
সেও পড়বে ঘুমিয়ে
আঁধারের বুকে চোখ বুজে।
নক্ষত্রের তলে জোনাকির আলো
মিটিমিটি জ্বলে,
ঘুমিয়ে যাবে সব জোনাকিও
একদিন আঁধারের কোলে।
সব গান শেষ হবে বাজবে না বাঁশি আর
জানি আমি, পৃথিবীর কক্ষপথে
দেখা হবে না আর, তোমার আমার।



