বাংলাদেশ

আদালতে ব্যর্থ হয়ে পুলিশ লেলিয়েছে আ.লীগ: হাসান

রূপসী বাংলা ডেস্ক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আদালতের মাধ্যমে বন্ধ করতে না পেরে আওয়ামী লীগ পুলিশ লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

শনিবার ভোটের প্রচার শেষ হওয়ার আগের দিন দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন হাসান। সকালে পূবাইলের হায়দারাবাদে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রারণা শুরু করেন। এর পর তিনি মাজুখান বাজার, নন্দিবাড়ী, বিন্দান, পূবাইল বাজার, ভাদুন, ইছালী ও কলের বাজারসহ পূবাইলের বিভিন্ন এলাকায় পথসভা করেন।

এসব পথসভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ জেডএম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মোস্তাফিজুর রহমান বাবুল, কাজী সাইয়েদুল আলম বাবুল, খেলাফত মজলিসের নায়েবে আমির সৈয়দ মজিবুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, গাজীপুর জেলা হেফাজতে ইসলামের যুগ্ন সম্পাদক মুফতি নাসির উদ্দিন, সাখাওয়াত হোসেন সেলিম, হুমায়ুন কবির রাজু, মনিরুজ্জামান লাবলু প্রমুখ।

পথসভায় হাসান উদ্দিন সরকার বলেন, ‘ধানের শীষের জোয়ার ঠেকাতে আদালতের মাধ্যমে নির্বাচন বন্ধ রাখতে ব্যর্থ হয়ে এখন পুলিশ বাহিনী লেলিয়ে দেয়া হয়েছে ‘

‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিজেই পুলিশের গাড়িতে চড়ে এলাকায় টহল দিচ্ছেন। পুলিশ দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে।’

‘সন্ধ্যা নামলেই আমাদের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক নেমে আসে। পুলিশ প্রত্যেক নেতাকর্মীর বাসা-বাড়িতে হানা দিচ্ছে। রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশী হয়রানি থামছে না। পুলিশ গত রাতেও আমাদের তিন জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।’

শনিবার নগরীর ৫৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, রেহেনা আক্তার রানু, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা মনি, রোকসানা খান মিতু, হাবীবা বিথি প্রমুখ কেন্দ্রীয় মহিলা দলের নেত্রীরা।

সামসুজ্জামান দুদু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ প্রমুখ ঢাকা থেকে যান হাসানের পক্ষে ভোট চাইতে।

এদিকে ‘পুলিশি হয়রানি’ ও গণগ্রেপ্তার বন্ধে শনিবারও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছেন হাসান উদ্দিন সরকার। এতে তিনি গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দিয়ে সবার প্রতি সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension