
আন্তর্জাতিক বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ধারাবাহিকভাবে চতুর্থ সপ্তাহের মতো দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের মূল্য ০.১ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৭৮৪.৭২ ডলারে পৌঁছেছে। তবে সাপ্তাহিক হিসাবে ধাতুটির দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে জুন মাসে সরবরাহযোগ্য স্বর্ণ ফিউচারসও ০.১ শতাংশ কমে ৪,৮০৫.২০ ডলারে অবস্থান করছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার প্রত্যাশায় বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা দিয়েছে। এর ফলে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হতে পারে, যা মুদ্রাস্ফীতির চাপ হ্রাসের ইঙ্গিত দিচ্ছে এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও কমিয়ে দিয়েছে।
এ কারণে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা কমলেও, সামগ্রিকভাবে বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।
একই সঙ্গে দুর্বল মার্কিন ডলার এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিতও স্বর্ণের দামে সহায়ক ভূমিকা রাখছে বলে জানা গেছে।



