
আফগানিস্তানে মানবাধিকার ও নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে: এমপি আনারকলি
দীর্ঘ দুই দশক পর তালেবান বাহিনী আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটি থেকে পালিয়ে দুই সংসদ সদস্য ভারতে আশ্রয় নিয়েছেন।
পলাতক সেই দুই সদস্যের একজন হলেন নারী এমপি আনারকলি কৌর হোনিয়ার। দিল্লিতে নেমে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আফগানিস্তানের একমাত্র শিখ নারী এমপি আনারকলির দাবি, তালেবান যা বলে আর যা করে, তার মধ্য অনেক ফারাক রয়েছে। মানবাধিকার এবং নারীদের অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে।
তিনি বলেন, পরবর্তী এক ঘণ্টায় আফগানিস্তানে কী হবে তা কেউ কল্পনাও করতে পারছে না, পরিস্থিতি এতটাই ভয়াবহ। প্রতিদিন তিন থেকে চারজন মারা যাচ্ছে। মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভ্রমণের কাগজপত্র না থাকায় তারা দেশও ছাড়তে পারছে না। আমাকেও দেশ ছাড়ার জন্য রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত কড়া রোদে অপেক্ষা করতে হয়েছিল।
আনারকলি আরও বলেন, বহির্বিশ্বের হাতে এখনও কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ থাকলেও আফগানিস্তানের বাকি অংশ তালেবান সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে। সেখানে পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। প্রতিহিংসা পরায়ণ তালেবান সদস্যদের হাতে খুন হওয়ার ভয়ে দিন কাটাচ্ছে অনেকে। আফগানিস্তানের পরিস্থিতি অকল্পনীয়।
এক জনপ্রতিনিধি হয়েও কেন আফগানিস্তান থেকে পালালেন- এমন প্রশ্নে তিনি বলেন, সারা বিশ্ব জানে কী ঘটছে আফগানিস্তানে। সেখানকার পরিস্থিতি খুব দ্রুত বদলে গেছে। যা আশা করা যায়নি। সবাই অসহায়, ভয়ে আছে। দেশ আমাদের মা। তাকে ছেড়েই আসতে হয়েছে। অন্য কোনো উপায় ছিল না।
আনারকলি তালেবান নিয়ে নেতিবাচক ধারণা দিলেও তার বিপরীতে হেঁটেছেন কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তালেবানের প্রশংসা করেছেন তিনি।
তমাল বলেছেন, আমরা বাইরে থেকে তালেবানের ব্যাপারে যা জানি-শুনি, তা সম্পূর্ণ ভুল মনে হয়েছে আমার কাছে। তালেবানরা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করেছেন। আমাদের উদ্দেশে তারা বলেছে, তোমরা আমাদের মেহমান। তোমাদের নিরাপত্তার সব দায়িত্ব আমাদের।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসলে দেশজুড়ে মাথাচাড়া দিয়ে ওঠে তালেবান যোদ্ধারা। মাত্র ১০ দিনের ব্যবধানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশ দখলের পর গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে কার্যত আফগানিস্তানের দখল নেয় তালেবানরা। এভাবেই ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়া তালেবানরা ২০ বছর ধরে সংগ্রাম চালিয়ে ফের ক্ষমতা আসে দেশটির।
এএনআই



