
এম এইচ মুকুল
গাঁও গেরামের ছেলে আমি গাঁয়ের নামটি ধলা,
এই গাঁয়েতেই জন্ম আমার এই গাঁয়েই পথচলা।
এই গাঁয়েতেই হইছি বড় ধুলো কাদা মেখে,
দিল করেছি মাটির মতো মাটির সাথে থেকে।
ধলা বিলের পাড়েই আমার বসত ভিটাখানি,
সন্ধি গড়া মহাকালের এতটুকুই জানি।
এই বিলে ভাই কেটে গেছে সাঁতার কাটার বেলা,
স্মৃতির পটে ভাসে আজো শাপলা শালুক খেলা।
এই গাঁয়েরই গাছের পরে হাজার পাখির মেলা,
কিচিরমিচির মধুর সুরে কাটে সারা বেলা।
গাঁও জুড়ে রয় সোনার ধানের সূর্য কিরণ হাসি,
গাঁয়ের সাথেই নিত্য চলে ভালোবাসাবাসি।
ঘন কালো সন্ধ্যা নামে আমার গাঁয়ের পরে,
সুখের স্বপন দেয় যে উঁকি প্রতি ঘরে ঘরে।
শহর থেকে একটু দূরে আঁকাবাঁকা পথে,
মায়ায় ঘেরা গ্রামখানি মোর আর দশটা গ্রাম হতে।
ধলা বিলের পাড়েই যদি থামো বন্ধু তুমি,
দেখে নিয়ো একটি নজর আমার জন্মভূমি।



