
আগামীকাল উৎসব,
কিন্তু আজ সন্ধ্যায় ছেলেটি মারা গেল।
কসমোপলিটন এই শহরের
রঙিন আলোর নিচে,
যেখানে ওৎ পেতে থাকা অন্ধকার
শুষে নেয় সব আলো কৃষ্ণগহ্বরের মতন,
অথবা উচ্চশিক্ষিত, অথচ কুৎসিত সেই আলো
যেখানে মুখ লুকায় রোজ রাতে;
সেই মূল্যবান, লাবণ্যময়
লাইটপোস্টের নিচে
বিচ্ছিন্ন দ্বীপের মতো মায়ের কোলে ছেলেটি মারা গেল।
অথচ চিকিৎসার অভাব ছিল না
হসপিটালও ছিল প্রচুর
তবুও ছেলেটি মারা গেল লাইটপোস্টের নিচে;
যেখানে রোজ রাতে নির্মম পাশা খেলে
আলো আর অন্ধকার।
হে শহর, শাশ্বত শহর,
তুমি জন্ম দাও, মৃত্যু দাও, আর দাও
আলোকিত উৎসব।
তবু নিদারুণ এই লাইটপোস্ট
কাল ভুলে যাবে সেই ছেলেটির কথা।
আগামীকাল উৎসব,
কিন্তু আজ সন্ধ্যায় ছেলেটি মারা গেল।



