
আহম্মদ হোসেন বাবু
আমার হাতের রেখাগুলো ক্রমেই শুকিয়ে যাচ্ছে।
যেমন শুকিয়ে যায় আশ্বিনের নদী
শুকায় গ্রীষ্মের রোদে ফসলের মাঠ
বৈশাখের ঝরাপাতা
শীতের রাত্রিতে মেলে দেয়া বস্ত্র
অথবা গ্রীষ্মের ফাটা ঠোঁটের মতন—
আমার হাতের রেখাগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে…
ক্রমেই শুকিয়ে যেতে যেতে মিশে যাচ্ছে হাতের তালুতে
মিশে যাচ্ছে নাকে-মুখে, চোখের কোঠরে।
যেভাবে কুয়াশা মিশে যায় সকালের রোদে
রাত্রি এসে মিশে যায় দিনের আলোয়
নদী মেশে সাগরের জলে
কালো চুল মেশে সাদা চুলের গভীরে
লোহিত কণিকা মিশে যেতে থাকে রক্তের ভেতরে;
যেভাবে রংধনু মিশে যায় নীলিমায়
কালো ধোঁয়া কুণ্ডলি পাকাতে-পাকাতে যেভাবে মেশে বাতাসের গায়
সেভাবে আহত বিবর্ণ সময়, লেপ্টে যায় মুখের বলিরেখায়।
তড়পায় আহত এক পাখি, ক্ষয়ে ক্ষয়ে মাটিতে মেশার অপেক্ষায়…
পোড়া ঘরে গন্ধহীন এই জন্ম, আজন্ম আলাদা হয়ে যায়!
আহত মৃত্তিকা, আহত হৃদয় অপুষ্টিতে ভুগে ভুগে—
দিবা-রাত্রি বিরহের সানাই বাজায়!
এভাবে আমাকে তুমি, আর কত কষ্ট দেবে বলো?



