নির্বাচিত কলাম

উন্নতি ও স্থূল সত্য

সিরাজুল ইসলাম চৌধুরী

দেশে উন্নতির আকাশ ছুঁই ছুঁই; কিন্তু ভেতরে মানুষ নিরাপদে নেই। নিরাপদে থাকছে না। বহুতল ভবন, বস্তি, শপিং সেন্টার, কারখানায় অগ্নিকাণ্ডে মানুষ পুড়ছে। জীবন্ত মানুষকেও পুড়িয়ে মারা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে! ধর্ষণের যেন মহড়া চলছে। মানুষরূপী দৈত্য-দানবরা সর্বত্র যেন ওত পেতে বসে আছে। নানাভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। নিরাপত্তা নেই। সর্বত্রই যেন ভয় তাড়া করছে। উন্নতির ফ্লাইওভারে কাটা পড়ছে মানুষের হাত-পা; নিচে রয়েছে অন্ধকার, খানাখন্দ, বিপদ-আপদ। শিক্ষাক্ষেত্রে ওই যে আমাদের গর্বিত অগ্রযাত্রা, সেখানে মান বাড়ছে না; কিন্তু বাড়ছে ঝরেপড়াদের সংখ্যা; যাদের খবর আমরা রাখি না। প্রয়োজন মনে করি না রাখার। রাখলে দেখতাম গত বছর এসএসসি পাস করাদের ভেতর প্রায় দুই লাখ ৬৮ হাজার ছাত্রছাত্রী কলেজে ভর্তি হওয়ার জন্য দরখাস্তই করেনি। তারা কোথায় গেল, কী করছে কে জানে। মাদ্রাসায় যে লাখ লাখ কিশোর-কিশোরী ‘শিক্ষিত’ হচ্ছে, তাদের ভবিষ্যৎটাই-বা কী? বিষয়টি নিয়ে ইংরেজি দৈনিকে এক ভদ্রমহিলা কলাম লিখেছেন। তিনি চিন্তিত। কাগজে পড়েছেন, যাত্রাবাড়ী থেকে কাঁচপুর এই আট কিলোমিটার জায়গার মধ্যে ৬৮টি মাদ্রাসা রয়েছে, যাদের ৬৬টিই কওমি মাদ্রাসা, যাদের পাঠ্যসূচি রক্ষণশীল ও গোঁড়া প্রকৃতির। তিনি জানতে পেরেছেন যে, গত ৬০ বছর দেশে মাদ্রাসার সংখ্যা ১৩ গুণ বেড়েছে। সে তুলনায় প্রাইমারি স্কুল বেড়েছে যৎসামান্য। চট্টগ্রামের গ্রামাঞ্চলে তার নিজের বসবাস। সেখানে একশ’ বছরের পুরনো একটি প্রাইমারি স্কুল আছে, যেখানে তার পিতামাতা পড়েছেন, পড়েছেন ভাইবোনরা, এখন পড়ছে তার ছেলে। কিন্তু প্রাইমারি স্কুল ওই একটাই। মাদ্রাসা বলা যায় অসংখ্য।
 
প্রাইমারির প্রসার নেই, প্রসার যত মাদ্রাসার। একটা উন্নতির খবর অবশ্য তার লেখাতে রয়েছে। সেটি হলো, তাদের শতবর্ষী স্কুলটির আগে নাম ছিল প্রতাপপুর প্রাইমারি স্কুল, নামের আধুনিকীকরণ ঘটিয়ে সেটা এখন হয়েছে সিদ্দিকনগর প্রাইমারি স্কুল। উন্নতি না বলে উপায় কী? তবে এলাকায় ঘুরতে গিয়ে যে সত্যটি তাকে আঘাত করেছে সেটি তার ভাষায় ‘উন্নতির তুমুল নিনাদের মধ্যে এই বাস্তবতা যে স্কুলের শিক্ষকরা আন্তরিক। তাদের বেতন অপর্যাপ্ত এবং ছাত্রছাত্রীরা আগ্রহী; কিন্তু তারা অনাহারী।’ এ প্রশ্নটা অবশ্য তিনি করেননি, মাদ্রাসায় শিক্ষিতরা তাদের শিক্ষা নিয়ে করবেটা কী? কোথায় তাদের কর্মসংস্থান হবে? তারা কি বেকার হয়ে ঘুরবে? লুম্পেন হবে? হতাশ হয়ে নাম লেখাবে জঙ্গিদের দলে? এ প্রশ্নটা যদি করা হয়, তবে মাদ্রাসা শিক্ষা কেন এভাবে বেড়ে উঠেছে সে বিষয়টা উঠবে এবং তার জবাব খুঁজতে খুঁজতে হয়তো এই স্থূল সত্যটার কাছে পৌঁছে যেতে হবে, এই শিক্ষাবঞ্চিত মানুষকে বঞ্চিত রাখার একটি ষড়যন্ত্র বৈ অন্য কিছু নয়। বঞ্চিতরাই তাদের ছেলেমেয়েদের মাদ্রাসায় পাঠায় এবং মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে বঞ্চনার পুরনো শৃঙ্খলে আবদ্ধ হয়েই থাকে। ব্যবস্থাটা এ রকমেরই। ১৪ মার্চ সমকালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেল, তিন লাখ বেকারের কর্মসংস্থান করতে যাচ্ছে সরকার। ভালো, কিন্তু বেকারের সংখ্যাচিত্র তো অনেক স্ম্ফীত। সিন্ধুর মাঝে বিন্দুর মতো কোনো কর্মপরিকল্পনায় বেকারের সংখ্যা হ্রাস করা যাবে না।
 
একশ’ বছর আগেও এ রকম কথা সমাজমনস্ক কেউ কেউ বলেছেন, মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নেই, ধর্মশিক্ষা ছেলেমেয়েরা বাড়িতেই নেবে, স্কুলে আসবে তারা ইহজাগতিক শিক্ষা নিতে, যে শিক্ষা কাজে লাগবে, যে শিক্ষা সাহায্য করবে জাগতিক উন্নতিতে। একশ’ বছর আগে আমরা ছিলাম ইংরেজদের অধীনে, তারপর গেলাম ইসলামওয়ালা পাকিস্তানিদের অধীনে, এখন তো আমরা পুরোপুরি স্বাধীন; কিন্তু একশ’ বছর আগে মাদ্রাসা শিক্ষার উপযোগিতা নিয়ে যে জিজ্ঞাসা তৈরি হয়েছিল এখন তা নেই; অথচ এখন তো আমরা নিজেরাই শাসন করছি নিজেদের। সময় গড়াল, কিন্তু পরিবর্তনটা কি হলো? সামগ্রিকভাবে আমাদের
 
শিক্ষাব্যবস্থাটা নিয়েই রয়েছে অনেক প্রশ্ন। আমরা স্বাধীনতা পেলাম বটে; কিন্তু কাঙ্ক্ষিত মাত্রা স্পর্শ করতে পারলাম না আজও। আমরা যে নিজেরাই শাসন করছি নিজেদের। এ প্রসঙ্গে বলা যায়- আসলে সবাই নই, শাসন করছে অল্প কিছু মানুষ এবং তারাও স্বাধীন নয়, তাদের অধীনে রয়েছে এমন একটি ব্যবস্থা, যেটি আগের তুলনায় এখন অনেক বেশি পরিশুদ্ধ প্রকারের পুঁজিবাদী।
 
আকাশজয়ের আগে সমুদ্রজয়ের কাহিনীটা বেশ প্রচার পেয়েছিল। তা সমুদ্রযুদ্ধে কাকে হারিয়েছিল বাংলাদেশ? মনে হয় মিয়ানমারকে। মিয়ানমার কি এখন সেই পরাজয়েরই শোধ নিয়েছে তাদের নিজেদের ভূমিতে যত রোহিঙ্গা ছিল প্রত্যেককে গুনে গুনে বাংলাদেশে ঠেলে দিয়ে? আশঙ্কা করা গিয়েছিল যে, রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ীভাবেই রয়ে যাবে, আশঙ্কা মনে হয় মিথ্যা প্রমাণিত হবে না। কারণ যতই আকাশজয় করুক বাংলাদেশ, তার রাজনীতিক ও কূটনীতিকদের এমন ক্ষমতা নেই যে, বিশ্বময় তুমুল হৈচৈ বাধাবে, বিশ্ববাসীকে ও আন্তর্জাতিক সব সংস্থাকে ডেকে বলবে ওই গণহত্যার মর্মান্তিক অন্যায়ের ব্যাপারে, মিয়ানমারকে বাধ্য করবে তাদের নাগরিকদের ফেরত নিতে। মানবিক কারণে বাংলাদেশ দফায় দফায় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছিল; কিন্তু এখন তো এই সমস্যা সংকটে রূপ নিচ্ছে। নানারকম অশুভ কর্মকাণ্ড ঘটছে রোহিঙ্গা শিবিরগুলোতে। সমস্যা শুধু এটাই নয়, আরও আছে। আমাদের পরম মিত্র প্রতিবেশী দেশ ভারত। কিন্তু রোহিঙ্গা প্রশ্নে ভারত সাড়া দেয় না, বরং তাদের এলাকায় যেসব রোহিঙ্গা আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তাদের ঠেলে দিতে চায় বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামেশাই ঘোষণা দিতে ভালোবাসেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পদ্মা, মেঘনা, যমুনার মতো চিরপ্রবহমান; অথচ ভারতের কল্যাণেই আমাদের নদীতে আজ পানি নেই। আমাদের দেশের পত্রিকায় শিরোনাম হয় ‘ইলিশের পদ্মায় বালুর রাজত্ব’।
 
এমনকি আমাদের আকাশজয়ের গৌরবেও তো মনে হয় কিছু কিন্তু-টিন্তু আছে। উপগ্রহটি তৈরি করেছে একটি ফরাসি কোম্পানি, উড়িয়েছে একটি আমেরিকান কোম্পানি, কক্ষপরিসর ভাড়া দিয়েছে রাশিয়া, টাকাটাই যা আমাদের। তা টাকার পরিমাণও যে খুব কম তাও নয়, তিন হাজার কোটি টাকার মতো। ওড়ানোর কাজ ৫৬টি দেশ আমাদের আগেই সাঙ্গ করেছে। এই উপগ্রহ জীবিত থাকবে মাত্র ১৫ বছর, উপগ্রহটির কর্মপরিধি মধ্যপ্রাচ্য পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। যার অর্থ এর আবির্ভাবের দরুন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর কোনো উপকার হবে না। আরও শোনা যাচ্ছে যে, এর অতিরিক্ত বাণিজ্যিক সেবাক্ষমতা কারা পাবে, তা পূর্বাহেপ্তই নির্ধারিত হয়ে রয়েছে। ওদিকে আকাশ যে আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করছে তাও তো নয়; খরা ও অতিবর্ষণ দুটিই বাড়ছে। বায়ুদূষণ তো রেকর্ডই ভাঙছে। তথ্য বলছে, আমাদের প্রাণপ্রিয় রাজধানী ঢাকা শহর বায়ুদূষণের দিক থেকে এখন সমস্ত পৃথিবীর মধ্যে দ্বিতীয়। ভারতের রাজধানী দিল্লি একটু এগিয়ে আছে ঠিকই, প্রথম স্থানে রয়েছে; তবে ভরসা করা অন্যায় হবে না যে, উন্নতির বর্তমান ধারা অব্যাহত থাকলে অচিরেই আমরা দিল্লিকে হারিয়ে দিতে পারব। শব্দদূষণ, নদনদী দূষণের চিত্রও উদ্বেগজনক। চারদিকে দূষণের ছড়াছড়ি। পুঁজিবাদ কাকে বলে মহাচীনের মানুষও এখন বেশ ভালোভাবে টের পাচ্ছে। সে দেশের অন্যান্য সূচকের মধ্যে বায়ুদূষণের সূচকটাও নাড়াচাড়া দিচ্ছে।
 
দূষণের বিশ্বমাপে চীনের বেইজিং এবং সাংহাই পিছিয়ে নেই, ইতিমধ্যেই তারা সসম্মানে পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এই সংবাদটি মোটেই তাৎপর্যহীন নয় যে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে প্রাণ দণ্ডাদেশ পেয়েছিল, মওকুফ করে পরে তা যাবজ্জীবন শাস্তিতে নামানো হয়েছে। দুর্নীতি ও বায়ুদূষণ কিন্তু পরস্পরের অপরিচিত নয়; খোঁজ নিলে জানা যাবে একই পরিবারের সদস্য তারা, যমজ ভ্রাতাও বলা চলে। আগেই লিখেছি, চারদিকে যেন দূষণের ছড়াছড়ি। দূষণের মূল হোতা তো মানুষই। দূষণ রোধে দৃশ্যত উদ্যোগ-আয়োজনের কমতি নেই; কিন্তু কার্যত সুফল মিলছে না। কেন মিলছে না- এই প্রশ্নের জবাব জটিল নয়।
 
কত আগে, সেই ১৯৩১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন- ‘যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,/তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?’ ভগবান বিপন্ন মানুষদের প্রার্থনার প্রয়োজনে কাজে লাগে না। এখন তার জায়গায় রাষ্ট্র এসেছে, আর রাষ্ট্র নিজেই যখন অপরাধী হয়ে বসে আছে, তখন কার জবাব কে দেয়। বস্তুত রাষ্ট্রকে এখন কী বলা যায়, সেটা নিয়েই ভাবতে হয়। উন্নতির কথা শুনতে শুনতে যখন মানুষ ক্লান্ত, তখন এর বিপরীত চিত্রগুলো আমাদের সামনে নানা রকম প্রশ্ন দাঁড় করায়।
 
লেখক: শিক্ষাবিদ ও সমাজ বিশ্নেষক
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension