নির্বাচিত কলাম

উন্নতি হচ্ছে, বৈষম্যও বাড়ছে

জাতীয়তাবাদীরা সর্বত্র হস্তক্ষেপ করে, ইতিহাসকেও বাদ দেয় না। ইতিহাসকে তারা নিজেদের সুবিধার আলোকে রচনা করে এবং সেই রচনা বিতরণ করতে থাকে নিজেদের আধিপত্যকে সুরক্ষিত করার লক্ষ্যে। ব্যাপারটা কখনো কখনো বেশ কৌতুককর হয়ে ওঠে। যেমন মোদি-সমর্থিত ভারতীয় জাতীয়তাবাদীরা বলে যে, পরে যেসব জিনিস আবিষ্কৃত হয়েছে তার জ্ঞান মহাভারতেই পাওয়া যাবে। আকাশের উড়োজাহাজ? সে তো মহাভারতের কালের গরুড় পাখিরই আধুনিক সংস্করণ। সত্যটা বিজাতীয়রা এতকাল চাপা দিয়ে রেখেছিল। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা ১৯৪৭-এ; কিন্তু সেই রাষ্ট্রের দ্বারা উৎসাহিত ইতিহাসবিদদের দেখা যেত পাকিস্তানের জন্য চার হাজার বছরের সভ্যতার একটা ইতিহাস খুঁড়ে-টুরে বের করতে গলদঘর্ম হচ্ছেন। হরপ্পা, মহেঞ্জোদারো নাকি পাকিস্তানেরই পূর্ব-ইতিহাসের অন্তর্গত। ঘটনাক্রমে এলাকাগুলো যেহেতু পাকিস্তানে পড়েছে। তবে পশ্চিম অংশের ওই ইতিহাসের সঙ্গে পূর্ববঙ্গের ইতিহাসের সংযুক্তি দেখানোর চেষ্টা অবশ্য তারা করেন নি। তা জাতীয়তাবাদী কল্পনারও তো একটা সীমা আছে।

একইভাবে বাংলাদেশ প্রতিষ্ঠার পরও কিন্তু দেখা যাচ্ছে এই অঞ্চলের পুরো ইতিহাসের ওপরই একটা জাতীয়তাবাদী আধিপত্য (নাকি আগ্রাসন?) প্রতিষ্ঠার চেষ্টা চলেছে। বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি সম্প্রতি গবেষণানির্ভর একটি ইতিহাস গ্রন্থ প্রকাশ করেছে, দু’খণ্ডে। প্রকাশনাটি গুরুত্বপূর্ণ। অনেকে মিলে লিখেছেন এবং সব লেখাতেই ইতিহাসের নির্ভরযোগ্য উন্মোচন রয়েছে। কিন্তু মুশকিল হলো জাতীয়তাবাদের সেই আধিপত্যের ব্যাপারটা নিয়ে। প্রকাশনাটির নাম রাখা হয়েছে History of Bangladesh; কিন্তু বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র তো ১৯৭১-এর আগে ছিল না। যে-রাষ্ট্রের বয়স পঞ্চাশ বছরও পূর্ণ হয়নি, তার ইতিহাস এই জনভূমিতে জনবাস শুরুর ইতিহাসের আদি পর্ব পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টাটা তো দাঁড়ায় পাকিস্তানি ইতিহাসবিদদের সেই চার হাজার বছরের ইতিহাস খোঁজার মতোই লোমহর্ষক। প্রকাশনাটির দ্বিতীয় শিরোনামটি বরং ইতিহাসসম্মত। সেটি হচ্ছে ‘Early Bengal in Regional Perspective up to 1200 CE..’ এই শিরোনামে বাস্তব সত্যটা ধরা আছে, এতে জাতীয়তাবাদ নেই। সেজন্যই এটি যথার্থ।

জাতীয়তাবাদের সমস্যাটা এশিয়াটিক সোসাইটির গবেষকরা বাংলাপিডিয়া নামে যে এনসাইক্লোপিডিয়াটি রচনা ও প্রকাশ করেছেন, সেখানেও বিদ্যমান। এই এনসাইক্লোপিডিয়াটিতে তথ্যভ্রান্তির সমালোচনা আছে; এও বলা যাবে যে, এত তাড়াহুড়ো করে হইচই না বাধিয়ে এই ধরনের বড় মাপের ও জরুরি কাজ যে পরিমাণ মনোযোগ ও শ্রম দাবি করে, তা ব্যয় করে এই বিশ্বকোষটি রচনা করলে ভালো হতো। সেসব কথা অবশ্য এখানে প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক যা তা হলো জাতীয়তাবাদী উৎসাহ এবং জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা। উৎসাহ ও ধারণা দুটোই পাওয়া যাবে এনসাইক্লোপিডিয়ার ‘Nationalism’ ভুক্তিটিতে। উৎসাহটা ধরা পড়ে ভাষাতে, ধারণার ভ্রান্তি রয়েছে বক্তব্যে। জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ইতিহাসের অভিজ্ঞতা’, ভূগোল, বর্ণ, ধর্ম, ভাষা ও সংস্কৃতিকে। ভাষা আসছে একেবারে শেষে অথচ ভাষারই আসার কথা সবার আগে। পরাধীন ভারতবর্ষের হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদীরা ধর্মকেই মুখ্য বিবেচনা করত, ভাষাকে উপেক্ষা করে। এশিয়াটিক সোসাইটির বিশ্বকোষেও ধর্মকে রাখা হয়েছে ভাষার আগে এবং জাতীয়তাবাদের প্রথম উপাদান হিসেবে যে ‘ইতিহাসের অভিজ্ঞতা’র কথা বলা হয়েছে, তেমন কথা পাকিস্তানিরাও বলতে পছন্দ করত। ইতিহাসের অভিজ্ঞতা বলতে তারা সাম্প্রদায়িক অভিজ্ঞতাই বোঝাতে চাইত। বিশ্বকোষটির ‘ Bangladesh’ ভুক্তিটির শুরুতেই ‘Bangladesh’ জাতীয়তাবাদের কথা উল্লেখ করা হয়েছে। এটি আসলে তথাকথিত ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদেরই ইংরেজি অনুবাদ। কিন্তু এটা তো পরিষ্কার যে, বাংলাদেশি জাতীয়তাবাদ বলে বাস্তবে কিছু নেই, আছে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি নাগরিকত্ব। অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রের যারা নাগরিক তারা সবাই বাংলাদেশি, তবে এই রাষ্ট্রের অধিকাংশ নাগরিকই জাতীয় পরিচয়ে বাঙালি, কারণ তারা বাংলাভাষী, কিন্তু এখানে ক্ষুদ্র হলেও অন্য জাতিসত্তার মানুষরাও বাস করেন, যাদের মাতৃভাষা বাংলা নয় এবং সে-কারণে যারা বাঙালি নন। এ বিষয়ে জ্ঞানতাত্ত্বিক বিভ্রান্তি সৃষ্টিটা মোটেই কাঙ্ক্ষিত নয় এবং তা সমষ্টিগত অগ্রগতির পথে প্রতিবন্ধকস্বরূপ। ‘| Nationalism’ ভুক্তিটিতে বাঙালি জাতীয়তাবাদের তুলনায় বাংলাদেশি জাতীয়তাবাদের ‘সুবিধা’র দিক সম্বন্ধে বলা হয়েছে যে, বাঙালি জাতীয়তাবাদ একদিকে সংকীর্ণ, কারণ এর সংজ্ঞার ভেতরই বোঝা যাচ্ছে যে, এই জাতীয়তাবাদ ‘excludes the other ethnic groups in the country। অন্যদিকে বাঙালি জাতীয়তাবাদ আবার খুব উদারও, কারণ এটা ‘includes, linguistically at least, the Bangali citizens of a province of the state of India’|। ইঙ্গিতটা এই রকমের যে, বাঙালি নয়, , Bangladesh জাতীয়তাবাদই শ্রেয়।

জাতীয়তাবাদে ভাষার প্রধান গুরুত্ব সম্পর্কেও এই ভুক্তিতে এই ভ্রম এমন বক্তব্যের জন্য পরিসর তৈরি করে দিয়েছে যে, পাকিস্তানি শাসনামলে বাঙালিদের জন্য দুঃসহ ছিল যে-ঘটনা, সেটা হলো পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের আধিপত্য। এমন কথা সাধারণ কথাবার্তায় চলে, কিন্তু বিশ্বকোষের অন্তর্ভুক্তিতে অচল। কারণ আধিপত্যটা আসলে পশ্চিম পাকিস্তানের ছিল না, ছিল পাঞ্জাবি শাসকদের এবং পশ্চিম পাকিস্তানে একটি নয়, চার-চারটি জাতি বসবাস করত, তারা হলো পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ ও পাঠান, যাদের ওপর পাঞ্জাবি সামরিক আমলারা শাসন-শোষণ চালাত। বিশ্বকোষটিতে বড় ধরনের ভ্রম আরও একটি আছে। সেটি হলো এই ধারণা যে, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের চিন্তা একাত্তরের যুদ্ধের সময় ভারত ও সোভিয়েত ইউনিয়ন থেকে import করা হয়েছিল, কারণ ওই দুটি দেশ যুদ্ধকালে বাংলাদেশের মিত্র ছিল। বিশ্বকোষটির মতে, আমদানি করা এসব চিন্তা স্থানীয় মানুষের কাছে মোটেই গ্রহণযোগ্য হয় নি। জাতীয়তাবাদীদের এখানেই সবচেয়ে বড় অসুবিধা, সমাজতন্ত্রকে নিয়ে তাদের আতঙ্ক কিছুতেই বাগ মানে না।

সে যা হোক। দেশের উন্নতির চেষ্টা চলছে। কিন্তু উন্নতি কতটা ঘটছে? সে উন্নতির চরিত্রটাইবা কী? উচ্চশিক্ষার উন্নতির জন্য ওয়ার্ল্ড ব্যাংক এক হাজার সাতশ’ কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা ঋণ দিয়েছে। টাকাটা বসে থাকে নি, খরচ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকার ও ওয়ার্ল্ড ব্যাংকের সম্মিলিত তত্ত্বাবধানে সাফল্যের সঙ্গেই টাকা খরচ হয়েছে। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত উন্নয়নের কাজ সমানে চলেছে। উন্নয়ন নিশ্চয়ই ঘটেছে; সব খবর আমরা রাখি না। তা এর ফলে, ধরা যাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংক কতটা উঠল? ২০১২-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংক ছিল ৬০১; উন্নয়ন তৎপরতার পরিসমাপ্তিতে ২০২০ সালে সেটা দাঁড়িয়েছে ৮০১। অর্থাৎ ২০০ ধাপ নেমে গেছে। উন্নতির জোয়ার কোন গতিতে ছোটাছুটি করছে, তার আভাস বহুভাবেই ধরা দিচ্ছে। বিদ্যুৎ ও পানির দামে উন্নতি তো অপ্রতিরোধ্য। মন্ত্রিসভার সিনিয়র সদস্য সড়ক ও সেতুমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, এই বৃদ্ধিতে আমাদের ‘বিপর্যয়টা’ নাকি সাময়িক। অর্থাৎ? দাম কি কমানো হবে? ধন্য আশা কুহকিনী। ওসব কিছু নয়। হয়তো বোঝাতে চেয়েছেন বিপর্যয় আমাদের সহ্য হয়ে যাবে। মানুষের সহ্য ক্ষমতা তো অপরিসীম।

ধরা যাক প্রশাসনিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ। সচিবরা এখন থেকে বিনামূল্যে মাসে ২৫০ লিটার অকটেন পাবেন। আগে পেতেন ১৮০ লিটার। গত বছর উপজেলা নির্বাহী অফিসারদের অকটেন বরাদ্দ বাড়িয়ে ২৫০ লিটার করা হয়েছে। তা মফস্বলে থেকে প্রশাসনের কর্তারা ২৫০ লিটার করে পাবেন আর খোদ রাজধানী প্রশাসনের সর্বোচ্চ স্তরে আসীন হয়ে সচিবরা পাবেন তাদের চেয়ে কম? এ কেমন ন্যায়বিচার? এই অন্যায় বিধি বদলানো হয়েছে। এখন থেকে সচিবরা বেশি না হলেও অন্তত সমান সমান পাবেন। উপজেলার অফিসারদের যুক্তি ছিল গাড়ি নিয়ে তাদের সর্বদাই এখানে-সেখানে ছোটাছুটি করতে হয়, বরাদ্দ তেলে কুলায় না, বৃদ্ধি প্রয়োজন। সচিবদের যুক্তিও কম জোরালো নয়। তাদের তেল তো বিশেষভাবেই খরচ হয়ে যায় ছোটাছুটি না করতে পারাতে। ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকেন; তেল পোড়ে। খবরে প্রকাশ, পঞ্চাশ হাজার গাড়িবঞ্চিত অন্য কর্মকর্তারাও ন্যায়বিচার প্রার্থনা করেছেন এবং তার জন্য রাজকোষের ব্যয় হবে মাত্র ১৬ হাজার কোটি টাকা। (দেশ-রূপান্তর, ১৫ মার্চ) তাহলে? হ্যাঁ, উন্নতি ঘটানো হয়েছে। খেলাপি ঋণের বেলাতেও উন্নতি অব্যাহত রয়েছে। আগের বছর খেলাপি ঋণের পরিমাণ ছিল বিরানব্বই হাজার একশ’ কোটি টাকা। এ বছর তা উন্নীত হয়েছে চুরানব্বই হাজার তিনশ’ তেরো কোটিতে।

আমলাতান্ত্রিক ব্যবস্থাটাতে সরকারি কর্মচারীদের ক্ষমতার ক্ষেত্রেও উন্নতি দেখা যাচ্ছে। যেমন ডিসিরা জেলা প্রশাসক হয়ে গেছেন। জেলা প্রশাসক তো হওয়ার কথা নির্বাচিত রাজনৈতিক ব্যক্তিদের। সেটা এখন সম্ভব নয়, সে রকমের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বাংলাদেশে কায়েম হয় নি। শাসন কর্তৃত্ব যে আমলাদের হাতে চলে গেছে, ডিসির ওই জেলা প্রশাসক হওয়ার ভেতরই তার কিছুটা খবর পাওয়া যাচ্ছে। ডিসির অর্থ তো হওয়ার কথা ডিস্ট্রিক্ট কমিশনার অথবা ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক কেন?

সে যাই হোক, কেবল নামে নয় ক্ষমতাতেও তারা যে অনেক উন্নত, সেটা টের পাওয়া যায় তাদের কেউ কেউ যখন স্বীয় ক্ষমতা প্রদর্শন করেন। যেমন করেছেন কুড়িগ্রামের ‘জেলা প্রশাসক’। ১৫ মার্চের খবর, সবাই সেটা পড়েছি। তার সম্পর্কে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম কী একটা লিখেছিলেন। ক্ষিপ্ত হয়ে মধ্যরাতে তিনি আইনশৃঙ্খলার ৪০ জন লোক পাঠিয়ে আরিফুল ইসলামকে তার বাড়িতে ঢুকে দরজা ভেঙে, পেটাতে পেটাতে আদালতে আনিয়েছেন। তার লোকরা ওই সাংবাদিককে বিবস্ত্র করে প্রহার করেছে, এনকাউন্টারের ভয় দেখিয়েছে এবং রাত ২টায় মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করিয়েছে। আরিফুল যেহেতু স্থানীয় সাংবাদিক এবং অনেকে তাকে চেনে, খবরটা তাই জানাজানি হয়ে গেছে। সাংবাদিকরা প্রতিবাদ করেছেন, দেশব্যাপী প্রতিক্রিয়া হয়েছে, আরিফুল ইসলাম তাই শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন, তাকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু তার গায়ের প্রহার, তার মানসিক যন্ত্রণা ও অপমান এসবের ক্ষতিপূরণ কে দেবে, কীভাবে দেবে?

উন্নতির সব চাপ সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। যেমন মশার ক্ষেত্রে উন্নতি। মশার উন্নত উৎপাত গত বছর ছিল ভয়াবহ। শোনা যাচ্ছে, এ বছর তারা আরও উন্নত হয়ে উন্নততর রণকৌশলে আমাদের আক্রমণ করবে। ‘বিপুল ভোটে বিজয়ী’ ঢাকার দুই মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মশার বিষয়ে তাদের বিশেষভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, পৌরপিতারা যেন দেখেন মশা যাতে আবার ভোট না খেয়ে ফেলে। তবে এ বিষয়ে আমরা সম্পূর্ণ নিশ্চিত যে, মশার সাধ্য নেই ভোটের গায়ে কামড় বসায়। ভোট এখন এমন সুরক্ষিত ব্যবস্থায় রয়েছে যে, মশার ক্ষমতা নেই সেখানে প্রবেশ করে, যতই তারা উন্নত হোক, চৌদ্দ পুরুষও পারবে না ভোটের গায়ে হুল ফোটাতে। মশা বড় জোর পারবে মানুষের রক্ত শুষে নিতে, চিকুনগুনিয়ায় হোক কি ডেঙ্গুতেই হোক, নিজস্ব কায়দায় মানুষকে কাবু করতে এবং পারলে মেরে ফেলতে। ভোট এখন অনেক বেশি নিরাপদে আছে মানুষের তুলনায়।

এমনকি বিশ্বজুড়ে মরণব্যাধি করোনায় লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিলেও আমাদের শাসকরা করোনা প্রতিরোধে কেবল রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে পারেন নি। মানুষ জীবিকা হারিয়ে আর্থিক মহামারীর কবলে, করোনায় আক্রান্ত এবং জীবিকাহারা মানুষের জীবন রক্ষার তাগিদও শাসকদের বিচলিত করছে বলে অনুমান করা যাচ্ছে না।⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension