
এই প্রথম সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরষ্কার পেলেন সয়েরা রেজা
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ চলচ্চিত্রের টাইটেল গানের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছেন সয়েরা রেজা।
এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেলেন তিনি।
গেল ১২ নভেম্বর সন্ধ্যায় কাকরাইল আইইডিবি মিলনায়তনে তাকে এ পুরষ্কার প্রদান করা হয়। জে কে মজলিসের সঙ্গীত পরিচালনায়, গ্রামবাংলার প্রচলিত রোমান্টিক মিথ লাইনের ওপর এস কে দ্বীপের লেখা গানে সায়েরার সঙ্গে কন্ঠ মিলিয়েছেন বেলাল খান। রিলিজের পরপরই গানটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ মানুষের মুখে মুখে।
পুরষ্কার প্রাপ্তি উপলক্ষে উৎফুল সায়েরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা এবং তার ভক্ত, অনুরাগী ও সঙ্গীত অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
পারিবারিক কারণে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে দেশের বাইরে অবস্থান করেছেন সয়েরা রেজা। সেকারণে তার সমসাময়িক শিল্পীদের অনেকের চাইতে কাজের সুযোগ কম পেলেও এ ব্যাতিক্রমী শিল্পী উপহার দিয়েছেন এ পর্যন্ত অনেক জনপ্রিয় ও হিট গান। ২০০৮ এ ‘ধার ধারিনা পাড়া পড়শির’ দিয়ে ক্যারিয়ারের শুরুতার।
শুরুর দিকে সূফী ও ফোক ঘরানার গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে তিনি নিজেকে একজন জাত ও ভারসেটাইল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গানের কাজে দেশে বিদেশে ঘুরে বেড়ানো এবং মুক্তমঞ্চের একজন অত্যন্ত শক্তিশালী শিল্পী সায়েরা রেজার বেশ অনেকগুলো নতুন মৌলিক গান মুক্তির মিছিলে রয়েছে। নতুন চারটি সিনেমার গান, ১ টি মায়ের গান, ১ টি দেশের গান, ২ টি আধুনিক গান এবং ‘শেকড়ের গান – সিজন ২’ তে ৭ টি ফোক গানের কাজ সম্পূর্ণ শেষ। এগুলো আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৬ টি ও পশ্চিম বাংলার ২ টি গায়ে হলুদের গান ও খনার বচনের সমন্বয়ে করা ‘হলদি মিক্স’ গানটির ১টি উৎসবমুখর মিউজিক ভিডিও প্রকাশিত হবে ১ ডিসেম্বর ২০২২ যেটিতে অভিনয় করেছেন হালের ক্রেজ দিঘী ও নায়ক ইমন।



