
মোশাররফ হোসেন
পরনে মলিন ছিন্ন কাপড়
রোদ্দুরে পোড়া মুখটা,
হাতুড়ি হস্তে ইট ভাঙে রোজ
লুকিয়ে মনের দুখটা।
ঘরে তার এক ছেলেমেয়ে
ছেলের বয়স এগারো,
টাকার অভাবে স্কুলে যার
ভর্তি নেয়নি এবারো।
মেয়েটি ছোট্ট এই ফাল্গুনে
সবে হবে সাত বছর,
ছেড়ে গেছে স্বামী তার
দুচোখে অশ্রু অঝর।
দিন তার যায় কভু অনাহারে
কর্ম মেলে না যেদিন,
বাচ্চা দুইটি অর্ধ-আহারে
বসে বসে কাঁদে সেদিন।
এই সেই নীলু হাসিখুশি মেয়ে
কাজে নেই তার লাজ,
ঘরের লক্ষ্মী ঘরেই মানায়?
ইট ভাঙে কেন আজ?



