
জসীম উদ্দীন মুহম্মদ
কাচের দেয়ালে ঝুলে আছে একটি পুরোনো ঘুম
তার পাশে হেঁটে যায় ঘোড়ার মুখওয়ালা কিছু মানুষ
রাস্তার নিয়ন আলোয় চাঁদ নিজেকে মুড়িয়ে রাখে
মুড়িয়ে রাখে ছেঁড়া খবরের কাগজের আস্তরণে!
বিকেলের কফি কাপে গলে যায় সমুদ্রের লবণ
আর ঘড়ির কাঁটা ভুলে যায় তার গন্তব্যের নাম
পাখিদের পালক থেকে ঝরে পড়ে ইস্পাতের জল
প্রতিটি আঙুল জানে এক একটি নিষিদ্ধ প্রার্থনা।
যে ছায়াটা আমার পিছু নেয়, তার কোন শরীর নেই
সে শুধু সিঁড়ি ভেঙে ওঠে, যেখানে জমাট বরফ
আমার নীরবতা এখন এক টুকরো সবুজ পেন্সিল
যা ইদানিং এঁকে যাচ্ছে শূন্যতার নিখুঁত জ্যামিতি!



