
পতনের শব্দ শুনি—
গোধূলি সমুদ্রে শেষ আলোরেখা মুছে গেলে
তখন আঁধার রেণু যাযাবর হতাশার জরায়ুতে
অঙ্কুরিত করে বেদনাকে; নিশাচর জোনাকির মতো—
সারা রাত্রি উড়ে চেতনে-অবচেতনে; আর
অনুভূতির শিরা-উপশিরায় হেমলক বিষে নীল হয়
যাপিত জীবনের উচ্ছল সময়ের প্রতিটি শান্তির ঢেউ।
মাটিগুলো রূপান্তরিত শিলায়—
সবুজ হাসিকে ভুলে অট্টালিকা ঠোঁটে রাখে মেকি হাসি।
হৃদয় মহাসড়ক ঢেকে যায় ইট, বালু ও সিমেন্টে
নাগরিক যোগাযোগে বাড়ে জীবিত লাশের সংখ্যা
এই বেশ বেঁচে আছি— বলে ওঠে মহাকাল। আহা!
মানুষেরা মরে যায়! বেঁচে থাকে তাদের শরীর।
একমুঠো মাটি চাই—
আগামীর পৃথিবীতে প্রকৃতিকে রোপণ করব
মানবতা কলরবে ঘুম ভেঙে হবে ভোর; আর
ভালোবাসার সোনালি রোদে—
……………………বেড়ে উঠবে আগামীর প্রজন্ম।



