
এবারের পূজায় সুমন কল্যাণ নিয়ে এলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান
শুরু হলো সনাতন ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসব। এবারে শারদীয় উৎসবে একটি বিশেষ গান নিয়ে আসছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ।
‘সই’ শিরোনামের গানটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের ছেলে সুমন নিজের আঞ্চলিক ভাষাতেই গানটি গেয়েছেন। গানের কথা লিখেছেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।
গানটির ভিডিওতে সুমন কল্যাণের ‘সই’ হয়ে অভিনয় করেছেন আনিলা তানজুম। ভিডিওটি পরিচালনায় মো. রাসেল আবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশা খান দূরে। গায়ক সুমন কল্যাণ মনে করেন, তার এ গানে উৎসবের আমেজ পাবেন শ্রোতারা। আর চট্টগ্রামের শ্রোতারা পাবেন বাড়তি আনন্দ।
গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী জানান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মধ্যেও কিছু শব্দ আছে যা অনেকেই মোটামুটি বুঝতে পারে। তেমন শব্দ ব্যবহার করেই গানটি রচিত হয়েছে। গানের গল্পে এক প্রেমিক তার প্রেয়সীর খোঁজ জানতে চাইছে। তিনি সুমনের গায়কীর প্রশংসা করে বলেন, আশা করি সবাই পছন্দ করবে।’❐



