
ওমরায় গিয়ে রানীর জন্য প্রার্থনা, ইয়েমেনি ব্যক্তি গ্রেপ্তার
ওমরাহ পালন করতে গিয়ে বৃটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনার কারণে ইয়েমেনের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। ওই ব্যক্তির নাম জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন এবিসি নিউজ।
এ সপ্তাহের শুরুর দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফুটেজ পোস্ট দেন। তাতে তাকে দেখা যায় মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের ভিতরে প্রয়াত রানীর প্রতি সম্মান দেখিয়ে একটি ব্যানার ধরে আছেন। এই ভিডিও ক্লিপ দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে আহত হন ধর্মপ্রাণ মুসলিমরা। তারা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান।
ফলে পবিত্র স্থাপনা বিষয়ক রীতিনীতি ও নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিরাপত্তা রক্ষাকারীরা তাকে পাবলিক প্রসিকিউটরের হাতে তুলে দিয়েছে। সেখানেই তিনি অভিযোগের মুখোমুখি হবেন।
ইসলামের সবচেয়ে পবিত্র স্থানের মধ্যে অন্যতম গ্রান্ড মসজিদ। সেখানে অমুসলিমদের প্রবেশের নিয়ম নেই। এসব স্থানে কোনো রাজনৈতিক চিহ্ন বা স্লোগান নিষিদ্ধ করেছে সৌদি আরব। কারণ তাতে ইসলামের স্পর্শকাতরতায় আঘাত হানা হয়।
গত সপ্তাহে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি ছিলেন চার্চ অব ইংল্যান্ডের প্রধান। তার মৃত্যুতে ইয়েমেনি ওই ব্যক্তি ইংরেজি এবং আরবিতে যা লিখেছিলেন ব্যানারে, তার অর্থ এরকম, ‘রানী দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ। আল্লাহ তাকে বেহেশতের শান্তিময় স্থান দান করুন। সঠিক পথে থাকা ব্যক্তি হিসেবে তাকে গ্রহণ করুন।’
ইয়েমেনের এই ব্যক্তির পিছনে মসজিদের সাদা-কালো মার্বেল পাথরের কমপ্লেক্স দৃশ্যমান।



