
ওয়াগনার ইউক্রেনে এখন আর গুরুত্বপূর্ণ নয়: পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার এখন আর ইউক্রেনের রণক্ষেত্রে ‘বলার মতো কোনো ভূমিকা রাখছে না।’ রুশ এই বাহিনীর ব্যর্থ এক বিদ্রোহের সপ্তাহ তিনেক পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বিবৃতি শোনা গেল। ওয়াগনারের ওই বিদ্রোহ ছিল সম্ভবত প্রেসিডেন্ট পুতিনের জন্য এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাশিয়া গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বেশ কতগুলো রক্তক্ষয়ী লড়াইয়ে ওয়াগনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কিন্তু পুতিন এখন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, রাশিয়ায় ওয়াগনার গোষ্ঠীর কোনো ভবিষ্যৎ নেই।
পুতিন সম্প্রতি রাশিয়ার অর্থনীতিবিষয়ক সংবাদপত্র কোমেরসান্টের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘ওয়াগনারের কোনো অস্তিত্ব নেই।’ ওয়াগনারকে একটি যোদ্ধা বাহিনী হিসেবে রাখা হবে কি না—এমন প্রশ্নে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ায় বেসরকারি কোনো সামরিক সংস্থা গঠন আইনসিদ্ধ নয়, ফলে এটির কোনো অস্তিত্ব নেই।’ তবে কিভাবে ওয়াগনার যোদ্ধাদের আইনসিদ্ধ করা যায় সেই ‘জটিল ইস্যু’ নিয়ে পার্লামেন্টে কথা হবে বলে জানিয়েছেন রাশিয়ার নেতা।
যে চুক্তির মাধ্যমে জুনের ২৩-২৪ তারিখে ওয়াগনারের বিদ্রোহের অবসান হয়, তাতে বলা হয় ওয়াগনারের যোদ্ধারা চাইলে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে পারে, অথবা গোষ্ঠীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে বেলারুশে চলে যেতে পারে।
কিন্তু এ সপ্তাহের শুরুর দিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, জুনের ২৯ তারিখে পুতিন মস্কোতে প্রিগোজিন ও ওয়াগনারের বেশ কজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে কথা বলেন।
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেন, ‘এই মুহূর্তে’ মার্কিন সেনাবাহিনীর কাছে এমন কোনো তথ্য-প্রমাণ নেই, যাতে বলা যায়, ইউক্রেনের যুদ্ধে ওয়াগনার তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে রাইডার জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ বলছে, ‘সিংহভাগ’ ওয়াগনার যোদ্ধা এখনো ইউক্রেনের রুশ অধিকৃত এলাকাগুলোতে রয়েছে।



