
কট্টর মুসলমানরাই স্থির করবেন ভারতের পতাকা ওড়াবেন নাকি ইসলামিক: রিজভি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভির বক্তব্যকে কেন্দ্র করে ফের বিতর্ক৷ সম্প্রতি রিজভির একটি বিতর্ক সামনে আসে, যেখানে তিনি চাঁদ-তারা দেওয়া সবুজ পতাকা যারা ওড়াচ্ছে দেশে তাদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকদের’ তুলনা করেছেন, এবং অন্যান্যদের ভারতের জাতীয় পতাকাই তুলে ধরার আবেদন করেছেন৷
এই ভিডিওতে রিজভি বলেছেন, ‘ভারতের কট্টোর মুসলমানদের স্থির করতে হবে তারা ভারতের পতাকাকে ভালোবাসবেন নাকি ইসলামিক পতাকাকে নিজেদের বাড়ি-ঘরের সামনে রাখবেন?’
তিনি আরও বলেন, ‘চাঁদ-তারা দেওয়া পতাকা যারা ওড়াচ্ছেন তারা ভারতের মুসলমান নয়, তারা গদ্দার৷ ভারতে থাকতে হলে ভারতকে ভালোবাসতে হবে৷ ভারতের জাতীয় সংগীত গাইতে হবে৷ এই বিষয়ে রিজভি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন৷ যেখানে দাবি করা হয়েছে, ভারতে চাঁদ-তারা দেওয়া পতাকা উত্তোলন করা যাবে না এবং এই নিয়ে শীঘ্রই কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসবে৷’
এর আগে রিজভি উত্তরপ্রদেশের মাদ্রাসা নিয়েও প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন, ‘উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে এখন বইয়ের পরিবর্তে অস্ত্র রাখা হচ্ছে৷ যা আগামিদিনে ভারতের জন্য একটা বিপদ হয়ে উঠতে চলেছে৷’ জানা যায়, ‘এর আগে, তিনি রাম জন্মভূমি নিয়ে একটি ছবি তৈরি করেছিলেন৷ এতে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বলা হয়, প্রিয়াঙ্কা গান্ধী সুন্দরী তাই তাঁর রাজনীতিতে আসার প্রয়োজন নেই, এবং তাঁকে রামজন্মভূমিতে জাফর খানের স্ত্রীয়ের চরিত্র দিতাম’, তাঁর এই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়৷



