
শাহজালাল সুজন
কবির হৃদয় শোধন জালে
অতল গহীন বাস,
স্বপ্ন বুনন বুকের পাঁজর
শব্দের করে চাষ।
কলম আঁচড় ক্ষতের ঢেউয়ে
মন মোহনায় বয়,
শেওলার মতো ডুব সাঁতারের
জল আয়নাতে রয়।
পাখির ডানায় উড়ন্ত মন
হাওয়ায় বেঁধে বুক,
বিষণ্ণ ঝড় আগলে রেখেই
পায় যে শান্তি সুখ।
শিউলি ঝরার ফুলের মতন
দুমড়ে মুচড়ে প্রাণ,
ভোরের শিশির বিন্দু ফোটায়
সৃজন কাব্য গান।
পাহাড়ের ওই পাষাণ চিত্তে
ঝরনা বারির ঘাত,
চাপা কান্নায় কবির কলম
লেখে নিশ্চুপ রাত।



