
তাহমিদ হাসান
স্বৈরাচার পলাতক
বাতাস বিষাক্ত তবু সন্ত্রস্ত শূন্যতা
সবাই বিপ্লবী আজ নিজস্ব বলয়ে
প্রজ্ঞায় জমেছে পাপ আর প্রবঞ্চনা
নিখোঁজ কবিতা কাঁদে হারালো কোথায় সুরঞ্জনা!
আমরা হাঁটছি এক ভয়াবহ ভ্রান্ত ভবিষ্যতে
জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ উদ্বৃত্ত উদ্ধত দ্বেষে
জোছনায় চমকায় ঘুনে ধরা প্রৌঢ় অট্টালিকা
বিশ্বাস বিলীন আজ মানুষের মুগ্ধ মিথ্যাচারে
কল্পিত কঙ্কালে পূর্ণ যুদ্ধের যাবতীয় মানচিত্র।
পার্থক্য দেখি না আর পূর্ব ও পশ্চিমে
অর্থের অদ্ভুত চোরাবালি চতুর্দিকে ফেলেছে মায়াবী জাল
সীমান্ত সঙ্ঘাতে ব্যতিব্যস্ত প্রতিবেশী
তন্দ্রায় দেখি তপোবন বাস্তবে তপ্ত তরুলতা
রৌদ্রের উত্তাপ মেখে দাঁড়ায়ে রয়েছে পথে আদিম আঁধার।
কতোবার পথ ভুলি কতোবার ফিরে আসি পথে
জীবনের যাত্রা তাই নিতে চায় বিরহ-বিদায়
রক্তাক্ত রাজপথে বধির বিবেক
ঘরকুনো মানুষেরা টিভির রিমোটে ব্যস্ত বিশুদ্ধ বিনোদনে
শহীদের লাশ নিয়ে মেতেছি আমরা বিতণ্ডায়।
হয়তো আগামী সূর্যোদয়ে থাকবো না আমি
আমার কবিতা তবু থাকবে না নিবিড় নিশ্চুপ
সভ্যতার প্রাচীন পতাকা হাতে হাঁটবে হতাশা
তখন নন্দিনী যদি খুঁজে খুঁজে না পায় আমায়
বলে দিও তাকে হায়, আমি আছি কালের কান্নায়!



