
কেউই আইনের উর্দ্ধে নন-ড. সিদ্দিকুর রহমান
রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্ক সময় বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় একশত গজের ব্যবধানে একদিনে আনন্দ-উল্লাস এবং আরেকদিকে প্রচন্ড বিক্ষোভের ঘটনায় হতভম্ব এলাকাবাসী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানসহ কয়েকজনকে দন্ড প্রদানের পর বিজয়োল্লাস করেন আওয়ামী পরিবারের লোকজন। সন্ধ্যা থেকেই তারা পালকি পার্টি সেন্টারসহ আশপাশের এলাকায় অবস্থান নেন। স্যাটেলাইট টিভির মাধ্যমে রায় শোনার পরই উল্লাসে ফেটে পড়েন।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘আইনের শাসনের ক্ষেত্রে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গিকারের আরেকটি পর্ব অতিবাহিত হলো। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতারই স্পষ্ট প্রকাশ ঘটলো।’ ‘কেউই আইনের উর্দ্ধে নন-অপরাধ করে কেউই রেহাই পাবে না’-বর্তমান সরকারের সে নীতির প্রতি প্রবাসীদেরও পূর্ণ সমর্থন রয়েছে। এই বিজয়োল্লাসে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ছিলেন।



