
খাশোগি হত্যা: আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেবে জাতিসংঘ
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যায় আন্তর্জাতিক তদন্ত শুরু হতে যাচ্ছে। আর এ তদন্তের নেতৃত্ব দেবে জাতিসংঘ।
এক বিবৃতিতে জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিশেষজ্ঞ অ্যাগেনস কাল্লামার্ড বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডে তিনি নিজেই একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নেতৃত্ব দেবেন।
তদন্তের জন্য আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি তুরস্ক সফর করবেন বলেও জানা গেছে। এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তার দেশের নেতৃত্বে একটি আন্তর্জাতিক তদন্তের কথা জানিয়েছিলেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছিলেন, কিছু পশ্চিমা দেশ এই মামলাকে ধামাচাপা দিতে চায়। আমরা এর কারণ জানি। আমরা দেখেছি কীভাবে গোপন চুক্তি ও লেনদেনের মাধ্যমে খাশোগি হত্যাকাণ্ডকে বিশ্বজনমতের দৃষ্টি থেকে আড়াল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করেই তিনি এ কথা বলেছিলেন।
এ সময় তিনি আরো বলেন, তুরস্ক বিষয়টিকে সহজে ছাড়বে না এবং এ হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চালাবে বলেও ঘোষণা করেন।
সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক জামাল খাশোগিকে গত বছরের ২ অক্টোবর তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এ নিয়ে প্রথম থেকেই রিয়াদ সরকারকে দুষছিলো তুরস্ক। প্রথমে নানা টালবাহানা করলেও এক পর্যায়ে ওই পাশবিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি সরকার।
তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা স্পষ্টভাবে এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত থাকার কথা বললেও রিয়াদ বিষয়টি অস্বীকার করেছে। সৌদি আরবের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের দায় থেকে যুবরাজকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স



