
খুকি নাচে মন আনন্দে
আসছে খুশির ঈদ,
ছোট্ট খুকি সজাগ রাতে
চোখে নাই যে নিঁদ।
ঘরের ভেতর ছোটাছুটি
নতুন জামা হাতে,
হৈ হুল্লোরে সারা বাড়ি
থাকে মায়ের সাথে।
নতুন জামা পরে খুকি
জুতা পরে লাল,
সালামিটা দেরি হলে
ফুলিয়ে রয় গাল।
সকাল হলে ঈদগায়ে যায়
বাবার হাতটি ধরে,
হরেক খেলনা কিনে শেষে
ফেরে আপন ঘরে।



