
আসাদুজ্জামান খান মুকুল
এসেছে ঈদ হেরেছে নিদ খুকুমনির তাই,
বাবার কাছে বলছে নাচে ডিসকো জামা চাই !
বায়না শুনে তড়িৎ গুণে ডিসকো জামার দাম,
মূল্য জামার দেড় দুই হাজার ছোটে বাবার ঘাম।
বাবা বলে নানান ছলে শোনো খুকি মোর,
আছি ঋণী ক্যামনে কিনি পয়সাতে নাই জোর!
এমন শুনি খুকুমনি ফুলিয়ে গাল বেশ,
খায় নি সে তো দিন আর রাতে কান্নাতে হয় শেষ।
হেসে বাবা বলল শেষে কিনবো জামা কাল,
খুকুমনি সোনার খনি কমাও ফোলা গাল!



