বাংলাদেশ

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, উত্তাল নোয়াখালী

গৃহবধূকে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছেন নোয়াখালী এলাকাবাসী।

সোমবার সকাল ১০টা থেকে জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। জেলা শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক অফিসের সামনে, পুলিশ সুপারের অফিসের সামনে, প্রেসক্লাব, আইনজীবী সমিতি, জেলা জজ আদালতের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন শেষে বিক্ষোভে ফেটে পড়ে।

জানা যায়, বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করতে ব্যর্থ হয় পুলিশ। সময় যত বাড়তে থাকে, শহরে প্রতিবাদের বিক্ষোভের ঝড়ও বাড়তে দেখা যায়। প্রতিবাদ ও বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, নির্যাতনকারীদের ফাঁসি চাই। এ সময় বিক্ষোভকারীরা নির্যাতনকারীদের ফাঁসির দাবিসংবলিত প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার বহন করেন।

বিক্ষোভ মিছিলের কারণে জেলার প্রধান সড়ক, জেলা প্রশাসক অফিস সড়ক, জজকোর্ট সড়ক, প্রেসক্লাব সড়কসহ বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের কারণে শহরে স্থবিরতা নেমে আসে।

প্রসঙ্গত গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নববধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলার ছয়জন এজাহারভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার হয়েছেন।

অপরদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে থানায়।

আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।

ওই মামলার প্রধান আসামিসহ দুজনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপব; নোয়াখালীর পুলিশ আরও দুজনকে গ্রেফতার করেছে বলে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানিয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension