
এম সোলায়মান জয়
সুদূর আগামী
পথে পথে ছিটিয়ে আছে
অন্তরালের ছায়াবৃত্তে আকাঙ্ক্ষার হাহুতাশ
ধমনি জুড়ে মায়ার দুর্ভিক্ষ
ধ্বজা থেকে ভাগাড় কোথাও নেই করুণা
অন্তবর্তিকালীন দর্শনেন্দ্রিয় দুর্দশা
ঘুণ পোকার মতো খেয়ে যায় সুপ্তির নির্যাস।
জীবনের ভাঙা পাটাতনে অসহায় স্বপ্ন দাঁড়িয়ে
শব্দের খরায় শুকিয়ে গেছে হৃদয়
বিলীন হওয়া নক্ত শেষে সূর্যের অভাবে অভ্রের বিলাপ
উদ্যানে সমাবেশ করে কালো ভ্রমর
সবুজ অরণ্য প্রাচীন দুর্গের মতো বেদখল হলো
শৈল্পিক ছলনার যন্ত্রণাগারে—
আটকে আছি বন্দি সৈনিকের মতো।



