
নুশরাত রুমু
জলের আয়নায় আজ সংশয়ের রাস্তা খুলতে চাই।
যদিও রাতের কার্নিশে আদিম আঁধারের ছড়াছড়ি।
নক্ষত্রের মিছিল কালো মেঘের স্তবকে হারিয়েছে দিশা…
বিপ্লবী জোছনা হঠাৎ উঁকি দিল আমুদে মেজাজে,
বাগানের দুখী কাঠগোলাপও চকিতে সুবাস ছড়িয়ে বিলাসী হয়ে ওঠে।
অনন্তের সুপ্ত তিয়াসা বিকিয়ে তাপসী প্রেম
বাসনার ঠোঁট ছুঁয়ে যায়।
বোধের আকাশে সুরভিত আবেগের প্লাবিত অনুভব,
অনুরাগের অভ্যর্থনায় পুষ্পিত হৃদয়
তৃপ্ত হলো এক লহমায় !
ভালোবাসার অমোঘ সরোবরে ডুবল নিশীথের নমনীয় সময়।



