জাকার্তায় আজ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
দুই দিন আগেই ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই রেশ কাটতে না কাটতেই আজ আবারো মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সিনিয়র দল নয়, মুখোমুখি হচ্ছে অনূর্ধ্ব-১৭ দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামছে দুই দল।
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এবারের আসর দুই দলের কিশোররাই হার দিয়ে শুরু করেছিল। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই ইরানের কাছে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাও কিশোররা।
নিউ কালেদোনিয়াকে ৯-০ এবং ইংল্যান্ডকে হারায় ২-১ গোলে। এরপর শেষ ষোলোতে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে এসেছে ব্রাজিলের কিশোররা।
আর্জেন্টিনার শুরুটাও ব্রাজিলের মতোই। সেনেগালের কাছে ২-১ গোলে হার।
এরপর জাপানকে ৩-১ এবং পোল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে আসে। আর শেষ ষোলোতে ভেনিজুয়েলাকে ৫-০ গোলে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলা নিশ্চিত করে।



