
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, বিশ্বমানবতাকে সমুন্নত রাখতে জাতির পিতার সংগ্রাম ও ত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়কে পথ দেখাবে।
আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্ততে আরও জানানো হয়, শনিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে স্থানীয় সময় সকাল ১১ টায় আয়োজন করা হয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান।
এর আগে স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা, বঙ্গমাতা এবং শহীদ পরিবারের অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু মিলনায়তনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও অন্য কর্মকর্তারা।
এরপর দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। এ সময় জাতির পিতার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্য চিত্র দেখানো হয়।❐



