
মমতা মজুমদার
খুব তো তুমি মানুষ হলে,
মনুষ্যত্ব আর জ্ঞান মস্তিষ্কের ভাণ্ডারে রোজ
বুলি ফুটাও তরতরিয়ে বজ্রকণ্ঠে!
উগ্র মেজাজ নিয়ে যেন শাসন কর হম্বিতম্বি
গোল পাকিয়ে
নিষ্ঠুরতার চাবুক মারো নারী নামক অস্ত্রটাকে
রোজ শাসিয়ে জব্দ কর যেন তুমি বড্ড মাতাল!
হাস্য হলেও ভীষণ পোড়ায় হৃদয় গহীন সরোবরে
আগুন জ্বলে নিত্যনতুন যন্ত্রণার এক কথার বানে।
দাম্ভিকতা ছাড়লে না তো, যেন তুমি মহাপুরুষ
কাব্য সুধা প্রাণ করোনি কোনো প্রেমের ঘাটে বসে।
নিস্তরঙ্গ নদীর ধারে একলা বসে ভাবলে না তো
কী যাতনায় পুড়ে ছাই হয়,কেমন ব্যথা বুঝবে বলো?
তুমি একবার প্রেমিক হলে বুঝতে না হয় হৃদয়াবেগ
ভালোবাসার একটু ছোঁয়ায় ফুল ফুটিয়ে তুলতে পাশে।
কঠিন নয় তো, একটু শুধু মন বুঝলে হবে
দেখবে তুমি প্রেমিক হলে, নারীর হৃদয় মোমের মতো
ভাসবে ভালো পাশে থেকে চুপটি করে জনম জনম।



