
দীপাবলিতে মায়ের সঙ্গে বাজির বাজার করল তৈমুর
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: জন্মের পরেই যদি কেউ সেলেব্রিটি হয়ে থাকে, সে হল তৈমুর আলি খান। নাম, যশ, খ্যাতি এসব বুঝে ওঠার আগেই সে খ্যাতির আলোয় থাকে সারাদিন। আর সেই খ্যাতির বিড়ম্বমা সামাল দেন করিনা কাপুর খান ও সইফ আলি খান।
তবে বয়স এক রত্তি হলেও, এখন থেকেই নিজের পছন্দ অপছন্দ নিয়ে বেশ সচেতন তৈমুর। উৎসবের দিনে কী করতে হয়, কী ভাবে আনন্দে মেতে উঠতে হয়, এসবই এখন জেনে গিয়েছে ছোট্ট তৈমুর। আর তৈমুরের পছন্দ অপছন্দের খবর রাখতে সিদ্ধহস্ত পাপারাৎজিরা। তাই দীপাবলিতে তৈমুর কী করবে, তা-ও ধরা পড়ল পাপারাৎজিদের ক্যামেরায়।
সারা দেশ জুড়ে মানুষ আলোর উৎসবে মেতেছে। বলিউডের তারকারাও আলোর রোশনাইয়ে অংশ নিয়েছেন। আর সেখানে তৈমুরই বা কী ভাবে বাদ যায়। তৈমুরও দীপাবলি উপলক্ষে কিনেছে রঙবেরঙের আতসবাজি। আর সেই ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়।

ক্যামেরার সামনে এইটুকু বয়স থেকেই সুন্দর করে পোজ দিতে পটু তৈমুর। তাই দীপাবলির বাজি বাজার করেও মায়ের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছে সইফ-করিনার একরত্তি। দীপাবলি উপলক্ষে মানানসই পোশাকও পরে তৈমুর। সাদা পাজামার সঙ্গে গোলাপি ছাপা কুর্তা পরেছিল তৈমুর। করিনাও প্যাস্টেল মফ রঙের একটি কুর্তা পাজামা স্যুট পরেছিলেন। তবে তৈমুরকে সামলাতে বেশ হিমশিম খাচ্ছিলেন তিনি। কারণ সে সময়ে বাজি পেয়ে বেজায় খুশি সে।
প্রসঙ্গত, কিছুদিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে করিনা বলেছিলেন, পাপারাৎজিদের সামনে ছবি তুলতে তৈমুর ভালই বাসে। সুন্দর করে পোজও দেয়। কিন্তু বাড়িতে তার ছবি কেউ তুলতে গেলে নাকি বেশ চটে যায় সে।



