
ধর্ম নিয়ে ইঙ্গিত করে ট্যুইট, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সোনম
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: শিশুমৃত্যু নিয়ে কোনও রাজনীতি করবেন না৷ দয়া করে ঘৃণা ছড়াবেন না৷ আলিগড়ের ঘটনার নিন্দা করে ট্যুইটে আবেদন সোনম কাপুরের৷ এই ট্যুইটের জন্য সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের শিকার বলিউড অভিনেত্রী৷ তোপ দেগে নেটিজেনদের অনেকেই সোনমকে ‘একটু লজ্জিত হওয়ার’ ‘পরামর্শ’ দেন৷
নেটিজেনদের ক্ষোভের কারণ কাঠুয়া কাণ্ডের সময় করা সোনমের একটি ট্যুইট৷ যে ট্যুইটে সোনম কাঠুয়ার আট বছরের মেয়েকে ‘দেবী স্থান’ মন্দিরে গণধর্ষণ ও খুনের পর নিজেকে লজ্জিত বলেছিলেন৷ সেই ট্যুইটের কথা অভিনেত্রী ভুলে গিয়েছেন কিনা জানা নেই৷ তবে নেটিজেনরা যে ভোলেননি তার প্রমাণ মিলল এদিন৷
আলিগড়ের ঘটনা নিয়ে সোনম এদিন ট্যুইটে লেখেন, ওই শিশুটির সঙ্গে যা হয়েছে তা মর্মান্তিক একই সঙ্গে ভয়াবহ৷ শিশুটি ও তার পরিবারের জন্য প্রার্থনা করব৷ আর সবাইকে বলব নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ঘটনাকে হাতিয়ার করবেন না৷ ছোট্ট একটি মেয়ের মৃত্যু হয়েছে৷ দয়া করে ঘৃণা ছড়াবেন না৷
অভিনেত্রীর এই ট্যুইট ভাইরাল হতেই ঝাঁপিয়ে পড়েন নেটিজেনদের একাংশ৷ সোনমকে হিপোক্রিট বলে কেউ লেখেন, কাঠুয়া কাণ্ডের সময় আপনিই তো হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিলেন৷ প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেকে লজ্জিত জানিয়েছিলেন৷ আর এখন কী হল? কোথায় গেল প্ল্যাকার্ড? অন্য একজন লেখেন, এবার তো একটু লজ্জিত হন৷ কীভাবে রাতে আপনাদের ঘুম হয় কে জানে? আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, কাঠুয়ার ঘটনার মতো এবারও প্ল্যাকার্ড হাতে এই অ্যাডভাইস দিলে তাও বিশ্বাসযোগ্য মনে হত৷
কাঠুয়ার কাণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়৷ সেই ঘটনায় জড়িত অভিযোগে বেশ কিছু হিন্দুকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ৷ আলিগড়ে দু’বছরের একটি হিন্দু মেয়েকে নৃশংসভাবে খুন করে জঞ্জালে ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা৷ শিশুটিকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে৷ যদিও তা প্রমাণিত হয়নি৷ এই ঘটনায় দুই সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ নেটিজেনদের বক্তব্য, কাঠুয়ার সময় সোনম সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন৷ তাঁর ট্যুইটই প্রমাণ৷ আর আলিগড়ের ঘটনার পর তিনি শান্তির বার্তা ছড়াচ্ছেন৷ এই দু’মুখো নীতি কেন? সোনম একটু জানাবেন৷



