
কুলসুম বিবি
ধ্বংসস্তূপের ফাঁকে উঁকি দেওয়া কঙ্কালসার মুখ,
নিষ্পেষিত শূন্যতায় সুখ খুঁজে ওই নীলাভ দুটো চোখ।
নিশিত তারার মতো জ্বলজ্বল জ্বলে,
তবুও বাঁচার ক্ষীণ আশায় অন্তরে অনির্বাণ দহন।
বিনিদ্র রজনী, বিভীষিকাময় সূর্যালোক তার সাথী ;
অসীম অনন্তের পথে মৃত্যুদূতের ইশারা
কালচক্রের ছায়া জুড়ে বাস।
কত নিষ্পাপ প্রাণ হচ্ছে বিলীন ;
এই যাত্রা আর কতকাল?
কে জানে কত যুগান্তর ধরে হবে রক্তপাত?
কে জানে রক্তিম ক্যানভাস ভেদ করে
কবে হবে নতুন সূর্যের আলোকপাত?
কবে গাযা’র বুকে আসবে আবার নতুন সকাল?



