
নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (জানুয়ারি) সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শুরু হয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হওয়ায় অনুষ্ঠানের শুরুতে তিনি নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেন। এরপর তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। প্রথমে আওয়ামী লীগ এবং পরে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ দেন।
অসুস্থতার কারণে শপথ অনুষ্ঠানে সৈয়দ আশরাফ ও হুসেইন মুহম্মদ এরশাদ অনুপস্থিত ছিলেন। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচিত ৭ সদস্য শপথ গ্রহণ করেননি। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে ওই সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হবে।
গেল মঙ্গলবার, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণকে কেন্দ্র করে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর, নির্বাচন কমিশন শপথের প্রস্তুতি নিতে, জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেয়। সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার তিনদিনের মধ্যে শপথ গ্রহণ করা এবং ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশনের বাধ্যবাধকতা রয়েছে।
আজ শপথগ্রহণ শেষে, নবনির্বাচিত সংসদরা সংসদ সচিবালয়ের স্বাক্ষর খাতায় সই করেন। নিয়ম অনুযায়ী, শপথ শেষে সরকার ও বিরোধী দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন।
গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ভোটগ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৭টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২২, বিএনপি ধানের শীষ প্রতীকে ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।



