
নাইজেরিয়াতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস পালন
নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এদিন সকালে আনুষ্ঠানিকভাবে সকালে হাইকমিশন চত্বরে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে হাইকমিশনার জনাব মো. শামীম আহসান, এনডিসি কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির দ্বিতীয় পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহিদ সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় হাইকমিশনে বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাইকমিশনার, মিশনের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন। জাতির পিতা, তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন। তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ʿসোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সমবেতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। অসাধারণ মহানুভবতা, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং রাজনৈতিক দুরদর্শিতা ও প্রজ্ঞার কারণে তিনি কিভাবে ‘বঙ্গবন্ধু’ হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নেন তা তিনি বিভিন্ন তথ্যসহ তুলে ধরেন।
মিশনের তৃতীয় সচিব জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এর সঞ্চালনায় আলোচনা পর্বে জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক, মিজ রুশনান মুর্তজা, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ, ইউনিসেফ-নাইজেরিয়া এবং কমিউনিটি নেতা জনাব মো. আকবর হোসেনও বক্তব্য রাখেন।
বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, নাইজেরিয়ার অতিথিবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দের আপ্যায়িত করা হয়।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।❐



