
নিউইয়র্কে স্কুল এলাকায় গতি সীমা লঙ্ঘন করলেই লাইসেন্স বাতিল
রূপসী বাংলা ডেস্ক:: নিউইয়র্কে স্কুল এলাকায় নির্ধারিত গতি সীমা লঙ্ঘনকারীদের ড্রাইভারস লাইসেন্স বাতিল করা হবে। নিউইয়র্ক স্টেট সিনেটে গত সোমবার এমন বিধান রেখে সর্বসম্মতিক্রমে একটি বিল পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেন স্টেট সিনেটর হোজে পেরাল্টা। বিলে বলা হয়েছে, ১৮ মাসের মধ্যে যদি কোন চালক স্কুল এলাকায় নির্ধারিত গতি সীমা দু’বার লঙ্ঘনরে তাহলে তার লাইসেন্স ৬০ দিনের জন্য বাতিল হয়ে যাবে। স্কুল এলাকায় নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে লাইসেন্স বাতিলের বিধান করে নিউইয়র্ক স্টেট সিনেটে গত সোমবার সর্বসম্মতিক্রমে একটি বিল পাশ হয়েছে।
এ ধরনের অপরাধে বর্তমান প্রচলিত আইনে শাস্তির বিধান রয়েছে আর্থিক জরিমানা। হোজে পেরাল্টা এই নতুন বিধান সম্পর্কে বলেন, আইন লঙ্ঘনকারীদের প্রতি আরো কঠোর বার্তা দেয়ার জন্যই অর্থ জরিমানার চাইতে শাস্তি হিসাবে লাইসেন্স সাসপেন্ড করা হবে। আইন লঙ্ঘনকারীরা অনুধাবন করবেন, গাড়ি ধীরে চালাতে হবে, আচরণে পরিবর্তন ঘটাতে হবে। চালকদের সচেতনতা বাড়াতে আরো বেশি কার্যকর ভূমিকা রাখবে নয়া এই বিধান।
উল্লেখ্য, নিউইর্য়কের পাঁচ বোরোর স্কুলগুলোর সামনে ২০ মাইল স্পীডে গাড়ি চালানোর বিধান রয়েছে বর্তমান আইনে। বিষয়টি মনিটিংয়ে অধিকাংশ স্কুলের সামনে ক্যামরা বসানো রয়েছে। তার পরও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয় না বলে অভিযোগ রয়েছে।



