
নিউ ইয়র্কে আরেক বাংলাদেশি সন্ত্রাসী হামলার শিকার
নিউ ইয়র্কে আরেক বাংলাদেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ওই বাংলাদেশির নাম সৈয়দ তামজিদ হুসাইন (২২)।
জানা গেছে, গেল ৮ জুন মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ব্রঙ্কসের ইয়াংকি স্টেডিয়াম এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ওই হামলায় তামজিদ হুসাইন মারাত্মকভাবে আহত হন। তাকে ব্রঙ্কসের লিঙ্কন হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দ তামজিদ হুসাইনের বড় ভাই হুসাইন সৈয়দ গণমাধ্যমকে জানিয়েছেন, সৈয়দ তামজিদ হুসাইন ব্রঙ্কসের থার্ড এভিনিউর ১৪৯ স্ট্রিটে একটি ফাস্ট ফুড কাজ করেন। গেল গত মঙ্গলার রাত পোনে এগারোটার কাজ শেষে তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ব্রঙ্কসের ১৬৭ স্টিট এবং রিভার এভিনিউর মধ্যবর্তী এলাকায় অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা তামজিদের মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা ১১শ’ ডলার ছিনিয়ে নেয়। তারা তামজিদের শরীর থেকে টিশার্টটিও খুলে নিয়ে যায়।
এক পথচারী তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ৯১১ কল করলে এ্যাম্বুলেন্স এসে তাকে ব্রঙ্কসের লিঙ্কন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে গতকাল বুধবার দুপুরে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়। হুসাইন সৈয়দ জানান, আগামী ১৬ জুন লিঙ্কন হাসপাতালে তামজিদের সার্জারি হবে।
এ ঘটনায় এখনও পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেফতার হয় নি। কমিউনিটির নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।



