
নিউ ইয়র্কে টিকা নেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হলে সবেতন ছুটি
নিউ ইয়র্কে করোনার টিকা নেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কাজ থেকে সবেতন ছুটি পাবেন কর্মীরা। রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্কের কর্মজীবীরা করোনার টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কাজ থেকে ছুটি পাবেন। কাজে অনুপস্থিতির জন্য তাঁদের মজুরি কাটা হবে না। রাজ্যের তহবিল থেকে কর্মজীবীদের টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়ার দিনটির জন্য মজুরি দেওয়া হবে।
কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন নামের সংস্থার পরিচালিত জরিপে দেখা গেছে, টিকা গ্রহণ করেননি এমন কর্মজীবীদের মধ্যে ৪৮ শতাংশ মনে করেন, টিকা নিলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এবং এ কারণে কাজে অনুপস্থিত হলে তাঁদের মজুরি কাটা যাবে। এ নিয়ে রাজ্যের আলাদা তহবিল রয়েছে। সবেতন অসুস্থতার জন্য ছুটির তহবিল থেকে পার্শ্ব প্রতিক্রিয়ায় পড়া টিকা গ্রহণকারীদের মজুরি দেওয়া হবে বলে গভর্নর ঘোষণা দিয়েছেন।
গভর্নর কুমো বলেছেন, করোনাভাইরাসের টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। টিকা গ্রহণের কারণে কোনো ব্যক্তি পরদিন কাজে না যেতে পারার কোনো ঘটনা তাঁর জানা নেই। অনেকেই ধারণাপ্রসূত ভীতিতে ভুগছেন।
নিউইয়র্ক রাজ্যে এর আগেই করোনার প্রতি ডোজ টিকা নেওয়ার জন্য চার ঘণ্টা সবেতন ছুটির আইন প্রণয়ন করা হয়েছে। নতুন জরিপে দেখা গেছে, অনেক কর্মজীবী কাজে অনুপস্থিত থাকলে তাঁদের সাপ্তাহিক আয় কমে যাওয়ার ভয়ে টিকা গ্রহণ করছেন না।



