
শাহীন খান
এই মাঠ বন্দর খুব আছে চেনা
এর কাছে রয়ে যাবে আজীবন দেনা।
ভোরের শিশির আর সূর্যাদয়
মুগ্ধতা ছেয়ে গেছে কতোটা সময়!
পাল তোলা নাও দেখি উদাস হয়ে
এত বেশি স্বপ্ন যাবে কি রয়ে?
প্রশ্নতে ভরে গেছে মনের খাতা
ভেবে ভেবে ভেজে আহা চোখের পাতা!
গান লিখি ছড়া লিখি সবই কি বিফল
হৃদজুড়ে রাখবে কি প্রেম শতদল?
রাখবে কি পৃথিবী একটু মনে
বলবে কি মোর কথা কারুর সনে?
এই যে কাগজ জুড়ে ছাপা কবিতা
তেলাপোকা ইঁদুরের খাদ্য কি তা?
দীর্ঘশ্বাসে বুক হচ্ছে ভারি
স্বপ্ন কি ভেঙে যাবে আহা আমারই?
কি পেলাম লিখেটিকে বলো না মাগো
শুধু শুধু আজো কেন রাত্রি জাগো?
অন্তর ভেঙে গেছে ভালো না সময়
পৃথিবী হইও না তুমি এত নির্দয়!



