প্রধান খবরবাংলাদেশরাজনীতি

নির্বাচনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সবাই নির্বাচনী উৎসবের প্রস্তুতি নিচ্ছে সবাই

জাকির হোসেন, রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  দেশ এখন নির্বাচনমুখী। নির্বাচনী উৎসবের/ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সবাই। জনপ্রশাসন, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন সবাই এখন ব্যস্ত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। সাধারন মানুষের রাজনৈতিক আলোচনার প্রধান বিষয় এখন নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অপরাপর বিভিন্ন রাজনৈতিকসমূহ এবার বেশ আগেভাগেই নির্বাচনী তৎপরতা শুরু করেছে।

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী এবং বিএনপি তাদের নিজ নিজ জোটের রাজনীতি এরই মধ্যে অনেকটা গুছিয়ে এনেছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে অথবা না নিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃতাধীন জোটের স্বরূপ কেমন হবে  সেই বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।  এখন চলছে ১৪ দলীয় জোটকে আরও সম্প্রসারিত করার তৎপরতা। এ বিষয়ে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা রূপসী বাংলাকে বলেন, ‘ প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর সঙ্গেও আলোচনা চলছে।

অন্যদিকে গণফোরাম ও যুক্তফ্রন্টের সঙ্গে বৃহত্তর ঐক্য করতে চায় বিএনপি। এক্ষেত্রে প্রধান বাধা স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। জামায়াত নিয়ে বৃহত্তর জোটের জটিলতা ক্রমেই বাড়ছে। ফলে এখনও ঝুলে আছে বিএনপির বৃহত্তর জোটের প্রক্রিয়া। তাই এ দলটিও বৃহত্তর জোট হলে অথবা না হলে তারা কি কৌশল অবলম্বন করতে পারে সেই বিষয়টিও প্রায় চূড়ান্ত করেছে।

এদিকে জাতীয় পার্টি এরই মধ্যে তিনশ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে।

তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ না নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন খোদ দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। শুধু তাই নয় এবার তিনি নির্বাচনকালীন সরকারে যোগ দেবেন বলেও জানিয়েছেন। জোটবদ্ধভাবে নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের রূপসী বাংলাকে বলেন, ‘আমরা এবার একশ’টি আসন এবং দশ মন্ত্রণালয় প্রত্যাশা করছি।’

নির্বাচনী আলোচনায় পিছিয়ে নেই বামদলগুলোও। গত নির্বাচন বর্জন করলেও এবার নির্বাচন নিয়ে তারা ইতিবাচক। তবে নির্বাচনকালীন সরকারের ভূমিকা নিয়ে কিছু দাবি আছে তাদের। এসব দাবিতে তারা কিছু কর্মসূচিও দিয়েছে। তবে তারা সাফ জানিয়ে দিয়েছে, তাদের আন্দোলন বা নির্বাচনে শুধু বামদলগুলোরই ঐক্য হবে।

নির্বাচনকে সামনে রেখে ৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের তালিকা মাঠ পর্যায় থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে পৌছেছে। তালিকা অনুযায়ী মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৯৯টি এবং ভোট কক্ষ দুই লাখ ৬ হাজার ৫শ’ ৪০টি। ইসির যাচাই-বাছাইয়ে এ সংখ্যায় কিছুটা কমবেশি হতে পারে। ৩০ অক্টোবরের পর যে কোনদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেন জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ। ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আগামী নির্বাচন ডিসেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচন অনুষ্ঠানের আনুমানিক যে তারিখের কথা বলেছেন তা হল, ২৭ ডিসেম্বর। এই তারিখে নির্বাচন হলে তফশিল ঘোষণার সম্ভাব্য তারিখ ১৮ নভেম্বর।  মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রতাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৭ ডিসেম্বর।

এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক নির্বাচনী আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ১৫ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয় হয়। দল মনোনিত প্রার্থী হবেন কমিটির প্রধান। জেলায় থাকবে একটি সমন্বয় কমিটি। সভায় দলীয় কোন্দল মিটিয়ে ফেলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৬ এপ্রিল ১৪৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। এ সভায় দলের নেতাদের নির্বাচন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ বলেন, এরই মধ্যে মনোনয়নের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তফসিল ঘোষনার পর  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন বোর্ডে বসে এ বিষয়ে  সবাইকে তাঁর সিদ্ধান্ত জানাবেন। তবে এলাকায় যারা জনপ্রিয় এবং জনগণের কাছে যাদের ভালো ইমেজ রয়েছে তারাই মনোনয়নের জন্য এগিয়ে থাকবেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কাজের খবর তৃণমূলে পৌছে দিতে এবং দলকে শক্তিশালী করতে  গত ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ট্রেনে উত্তরবঙ্গ সফর করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। নির্বাচনী ট্রেনে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাতজন কেন্দ্রীয় নেতা। এরপর ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম এবং ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার সফর করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এই যাত্রা নির্বাচনী যাত্রা। এই যাত্রা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দেয়ার জন্যই এই সফর। সামনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। প্রস্তুতি সেভাবেই নিতে হবে। অভ্যন্তরীন কোন সমস্যা থাকলে তা নিরসন করা হবে এবং তৃণমূল নেতাদের চাঙা করবে।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ১২ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। দলের হিসাবে নির্বাচনে মোট বুথের সংখ্যা হবে দুই লাখ ৩২ হাজার ৫শ’টি। এ সংখ্যার চেয়ে কমপক্ষে পাঁচগুণ বেশি পোলিং এজেন্ট নিয়োগ করা হবে। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাবেক সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের প্রশিক্ষণ দেবেন।

আওয়ামী লীগে নেতারা জানান, ভোটের আগে নির্বাচনী প্রচারে প্রশিক্ষিত নেতাকর্মীরা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরবেন। গণমাধ্যমে বিজ্ঞাপনের মধ্যেমের প্রচার প্রচারণার উদ্যোগ নেয়া হবে। অতীতে আন্দোলনের নামে বিএনপি ও জামায়াতে ইসলামীর ধ্বংসাত্মক চিত্রও তুলে ধরবেন প্রশিক্ষিত কর্মী-সমর্থকরা। তারা রাজপথে বিরোধী দলের আন্দোলনের নামে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতেও সতর্ক থাকবেন।

অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রিক ৪০ হাজার কমিটি গঠন করছে বিএনপি। ভোটকেন্দ্র ভিত্তিক এসব কমিটি গঠনের কাজ আর তিনশ’ আসনে প্রার্থীও চূড়ান্ত বলে জানান নেতারা। ভোটের সময় কেন্দ্র পাহারা দেয়াই হবে এসব কমিটির মূল কাজ।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও আসন্ন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে অনেকটাই ইতিবাচক বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে কোনো সময় এবং যে কোনো মুহুর্তে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত। ২০০৮ সালে মাত্র ১২ দিনে নির্বাচন করেছি। নির্বাচনে হেরে যাওয়া বা জয়লাভ করা অন্য বিষয়, তবে সারা দেশে তিনশ’ আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম এবং নির্বাচনে অংশ নিয়েছিলাম।’

ব্যরিস্টর মওদুদ আহমদ বলেন, ‘ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি তো হবেই, সত্তর থেকে আশি শতাংশ এলাকাতেই ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি হয়ে গেছে।’ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত এবং সে প্রস্তুতি যথেষ্ট বলেও মনে করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৪০ হাজার বা যত ভোটকেন্দ্রই হোক না কেন তাতে আমাদের কমিটি হবে। এটা বিএনপির নির্বাচনের একটি অংশ।

আন্দোলনের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করে রেখেছে বিএনপি।

তালিকায় দেখা যায়, জামায়াতসহ ২০ দলীয় জোটের শরিক দলগুলোকে ১৮টি আসনে পুরোপুরি ছাড় দেওয়া হতে পারে। ২০ দলীয় জোটের শরিক দল অথবা বিকল্প হিসেবে বিএনপি প্রার্থীর নাম উল্লেখ আসে ১১ আসনে।

সমঝোতা হলে সবমিলিয়ে ৩১টি আসন শরিক দলগুলোকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে প্রাথমিকভাবে এই খসড়া তালিকা তৈরি করেছে বিএনপি। জোটভুক্ত দলগুলোর সঙ্গে দরকষাকষি এবং বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় আলোচনার পর তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে।  যুক্তফ্রন্ট, গণফোরামসহ বৃহত্তর ঐক্যে আগ্রহী দলগুলোর সঙ্গে শেষ পর্যন্ত নির্বাচনী জোট হলেও তালিকায় বড় ধরনের পরিবর্তন আসবে। সম্ভাব্য বৃহত্তর ঐক্যের কথা বিবেচনায় রেখেই তালিকায় বগুড়া-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এ কে এম হাফিজুর রহমানের বিকল্প হিসেবে যুক্তফ্রন্টের সদস্য সচিব, নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্নার নাম রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেনের বিকল্প হিসেবে বিকল্প ধারার সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরীর নাম, ঢাকা-১২ আসনে বিএনপির ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের বিকল্প হিসেবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নাম এবং লক্ষীপুর -৪ আসনে বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজামের বিকল্প হিসেবে জেএসডি সভাপতি আসম রবের নাম রাখা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension