
মোশাররফ হোসেন
ডানা মেলে পাখি উড়ে আকাশে,
ফুলের গন্ধ ভেসে আসে বাতাসে।
সবুজ মাঠের ধানের ক্ষেতে মন ভরে,
কাজের ফাঁকে কৃষক সেথায় গান করে।
রাখাল বাজায় বাঁশের বাঁশি ঐ দূরে,
সুরের তালে পল্লী বধূর মন পুড়ে।
গরু চরে নদীর তীরে দুপুরে।
খেটে চলে কামলা সেথায় ভরপুরে।
নদীর বুকে জেলের দলে জাল ফেলে,
মনটা নাচে খুশির তালে মাছ পেলে।
পল্লী বধূ কলসি কাঁখে জল ভরে
ঢেউয়ের তালে শাপলা শালুক খুব নড়ে।
নৌকা চালায় মাঝিরা সব পাল তুলে,
হাঁসের ছানা সাঁতার কাটে ঠোঁট দুলে।
পল্লী গাঁয়ের রূপে আমি হই মুগ্ধ,
দূরে থেকে মনের সাথে হয় যুদ্ধ।



