
পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। রোববার দেশটির রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, অ্যাটক, কাশ্মীর এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আক্রান্ত অঞ্চলের মানুষেরা ভূমিকম্প শুরু হতেই আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে চলে আসেন। পাঞ্জাব, লাহোর ও চাকওয়াল এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। এ খবর দিয়েছে জিও টিভি।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে এনএসএমসি নিশ্চিত করেছে যে এর মাত্রা আসলে ৬.০ ছিল। রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্ত এলাকা। ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।
এদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের প্রতিবেশি ভারত, চীন, আফগানিস্তান এবং চীনও।
ভারতের রাজধানী নয়া দিল্লি ও এর আশপাশের এলাকা, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীরের শ্রীনগরে কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত মার্চ মাসেই পাকিস্তান ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পে অন্তত ২ জন নিহত এবং ৬ জন আহত হন।
পাকিস্তান ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প দেখা যায়। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ ভূত্বকই বেশ সক্রিয়।



