
এম সোলায়মান জয়
হৃদয়ের চাহিদাকে তুলার মতো উড়িয়েছি চৈত্রের দুপুরে
মন খারাপ ভেসে গেছে ভেলার মতো বন্যার জলে
অভিমান চাপা পড়েছে তোমার অনুযোগের পাহাড়ে
আকাঙ্ক্ষা পুড়িয়েছি তোমার আহ্লাদের নরম আঘাতে
নিজের যা ছিল প্রেমের হাতে সঁপে দিয়ে নিঃস্ব হয়েছি
ভালোবাসার মায়ায় জড়িয়ে ভুলে গেছি চাওয়ার হিসেব
তোমায় অনুভবের শাঁখের করাতে কাটছি পুরুষ বলে
বিষণ্ণ অনুভূতির নিস্তব্ধতা ও ক্লান্তির চাকচিক্যময়-
এই শহরে; পুরুষের অভিমান দণ্ডনীয় অপরাধ।



