
বগুড়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে করার অভিযোগে আব্দুল আলীম নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ওই কলেজছাত্রীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আলীম পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, আব্দুল আলীমের এটি পঞ্চম বিয়ে। পেশায় একজন বাদাম বিক্রেতা আলীম।
আটক আব্দুল আলীমের বাড়ি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ডাকিয়াপারা গ্রামে। তার বাবার নাম ফজলুল হক (মৃত)। পুলিশ পরিচয় দিলেও আলিম একজন বাদাম বিক্রেতা। এটি তার ৫ম বিয়ে, তার দুটি সন্তানও রয়েছে।
জানা যায়, মুঠোফোনের মাধ্যমে আলীমের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর ধরে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেম চালিয়ে যান আলীম। চলতি মাসের ১৮ তারিখ তিনি তার প্রেমিকার বাড়ি যান এবং ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা মোহরানা দেখিয়ে বিয়ে করে সেখানেই সংসার শুরু করেন।
পুলিশ জানায়, আলীম তার শ্বশুরবাড়ির লোকজনকে জানান তিনি রংপুরের সৈয়দপুর নামে এলাকায় একটি পুলিশ ফাড়িতে কর্মরত আছেন। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে সন্দেহ করে শ্বশুরবাড়ির লোকজন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে নিজের বাদাম বিক্রির পেশার কথা স্বীকার করেন আলীম। এও জানান, তিনি পুলিশ নন; তবে সোর্স হিসেবে কাজ করেন।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, আটক আলীমের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।


