
ইমন হোসেন
সমীরণে ভেসে আসে তোমার সৌরভ,
প্রতিটি সংলাপ মৌমাছির মতো,
হৃদয়ে তোলে প্রণয়ের গুঞ্জন!
তুমি বয়ে যাও শিরা উপশিরায়,
রক্তের প্রতিটি কণিকায় ছড়াও সুখের উত্তাপ।
সকাল, দুপুর, রাত্রি সাজাও বর্ণিল প্রেমের বাসন্তী ফুলে,
তোমাকেই খুঁজে,
আমার দিনের আলো আর রাত্রির অন্ধকার!
অস্থিমজ্জায় মিশে গেছে, তুমিময় ভুবনের বিদগ্ধ স্বপ্ন।
বুকের নিভৃত আঁধারে তুমি মোর ঝিলমিলে জোনাকি,
তোমার রঙিন আলোয়,
রিক্ত হৃদয়ের প্রান্তরে ঝরে বাধভাঙা উচ্ছ্বাস।
বাহুডোরে জড়াও অনন্ত প্রেমে—
স্বপ্নে এসে ছুঁয়ে দিলে তুমি,
পৃথিবী হয়ে ওঠে স্বপ্নের মতো সুন্দর!
তুমি হাতছানি দিতেই,
নিঃসঙ্গতা ভেসে যায় পাহাড়ি ঢলের মতো!
তোমার মনকাড়া হাঁসি,
স্নিগ্ধ বৃষ্টির মতো ঝরে পড়ে ঝলসানো বুকে;
বৃক্ষ,পুষ্প আর পাখিদের কলরবে,
মরুদ্যান হয়ে ওঠে হৃদয়ের মরুভূমি!
অপূর্ণ আত্মার আর্তনাদে,
তুমি আজ জাগালে পূর্ণতার সঙ্গীত;
তোমার স্পর্শে মুছে গেল শূন্যতার নিঃসীম সমুদ্র,
হাসি আর আনন্দের রঙিন আল্পনায়—
তুমি রাঙিয়েছ মোর কয়েকটি মুহূর্ত,
তাই আমি অনন্ত কাল ধরে,জন্ম এবং জন্মান্তরে,
ভালোবেসে যাবো,
“তামান্না’, ভালোবেসে যাবো শুধু তোমাকেই!



