
আল মামুন রিটন
পৃথিবীর নিঃশ্বাস ভারী হয়ে আসে
কেঁদে ওঠে প্রকৃতি ও প্রাকৃতজন
তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে বৃদ্ধরা
দেখছে সবুজ পৃথিবীর মৃত্যুযন্ত্রণা।
যে ধরণির চরণ ছুঁয়ে জেগেছিল
আমাজন, হরপ্পা, মহেঞ্জোদারো,
যে চরাঞ্চলে পা রেখেছিলেন পীর,
হেঁটে হেঁটে খুঁজেছিলেন পথ বৈরাগী,
সে পৃথিবী আজ ভীষণ অসুস্থ,
ধুঁকছে জঞ্জাল জড়ানো শরীরে।
ধূসর হয়ে উঠেছে সজীব দেহ,
বিস্তর দগদগে ঘা ওষ্ঠাধর জুড়ে।
আকাশে আঁধারের আয়োজন,
উড়ছে জীবন পোড়ার ছাই
ইট-পাথরের নিচে কাঁদছে অসুখ।
পৃথিবীর বুঝি আর সময় নেই।
চির বিদায়ের শেষ হাপর বুকে,
তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল কে?
পৃথিবীর মৃত্যু—অনাকাঙ্ক্ষিত মৃত্যু!



