
প্রকাশ্যে রাস্তায় হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী
প্রকাশ্যে রাস্তায় হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। রাজধানী কোপেনহেগেনে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোপেনহেগেনের কুলতরভেত চত্বরের রাস্তায় প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হঠাৎ করেই এক ব্যক্তি প্রধানমন্ত্রী মিতের দিকে দ্রুত এগিয়ে আসেন এবং তার কাঁধে হাত দিয়েই আঘাত করেন। এতে প্রায় পড়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনের মাত্র দুদিন আগে এই হামলা হলো। এই নারী প্রধানমন্ত্রী ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাটস প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের নির্বাচনী প্রচার থেকে ফিরছিলেন।
এর আগে গত ১৫ মে ইউরোপীয় আরেক দেশ স্লোভাকিয়ায় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। তিনিও ইইউ পার্লামেন্টের এক প্রার্থীর নির্বাচনী সভা থেকে ফিরছিলেন। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি বেঁচে গেলেও শরীরে বেশ কিছু অস্ত্রোপচার করতে হয়েছে ফিকোর।
প্রধানমন্ত্রী মিতের ওপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ কি, এ বিষয়ে তারা তাৎক্ষণিক বেশি কিছু জানাতে পারেনি।
ঘটনাস্থলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার ঘটনার পরপরই সেখান থেকে প্রধানমন্ত্রীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে খুব বেশি আঘাতপ্রাপ্ত হননি তিনি। তবে এ ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন প্রধানমন্ত্রী।
ডেনমার্কে ক্ষমতাসীন জোট সরকারের সবচেয়ে বড় দল ফ্রেডিরিকসেনের সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি। যদিও সম্প্রতি দলটির জনসমর্থন কিছুটা কমতির দিকে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতের ওপর হামলার ঘটনাকে ঘৃণ্য কাজ বলে মন্তব্য করেছেন ইইউ কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন। তিনি বলেন, আমরা এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানাই।



