
এম এ জিন্নাহ
পৃথিবীর এ বিমর্ষ অন্ধকার পথে আমি এক ক্লান্ত পথিক
দীর্ঘ পথ অতিক্রম করতে এসেছি ক্ষুদ্র আয়ুকাল নিয়ে,
মাঝপথে দেখা হয়েছে নক্ষত্রদের সাথে, মেঘের সাথে
নির্জন পথের শিউলি ফুলের সাথে, নদীর সাথে
অবশেষে দেখা হয়েছে তোমার সাথে।
তোমার সুগন্ধি ভরা উষ্কখুষ্ক চুলে তোমাকে দেখে
ডুবেছি অনন্ত নেশায়, অগাধ মুগ্ধতায়।
ইচ্ছে করেই তোমার প্রেমে পড়েছি
বৃহত্তর রেখার জন্মকাল স্পর্শ করতে।
আমি আমার সমস্ত আয়ু তোমার সাথে অপচয় করতে চাই
শতাব্দিজুড়ে লিপিবদ্ধ করে যেতে চাই প্রণয়ের মহাকাব্য ।
তুমি থেকে যাওয়ার এইটুকু আশ্বাসে
আমি বারংবার জন্মাতে চাইবো এই মহাবিশ্বে।



